Home আঞ্চলিক ২৬ মাস পর ঢাকা-কলকাতা সরাসরি বাস সার্ভিস চালু

২৬ মাস পর ঢাকা-কলকাতা সরাসরি বাস সার্ভিস চালু

12

বেনাপোল প্রতিনিধি ।।

দীর্ঘ ২ বছর ২ মাস পর চালু হয়েছে ঢাকা-কলকাতা সরাসরি বাস সার্ভিস। শুক্রবার সকাল ৮টায় ঢাকা থেকে ছেড়ে আসা এনআর পরিবহণের বাসটি বিকাল ৪টার দিকে এসে পৌঁছায় বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্টে।

ইমিগ্রেশন কাস্টমসের কার্যক্রম শেষ করে শ্যামলী এনআর পরিবহণের বাসটি ২২ জন যাত্রী নিয়ে বেনাপোল চেকপোস্ট দিয়ে ভারতের পেট্রাপোলে প্রবেশ করে। সেখানেও ইমিগ্রেশন কাস্টমসের কাজ সম্পন্ন করে কলকাতার উদ্দেশ্য ছেড়ে যাবে।

বাংলাদেশ সড়ক পরিবহণ করপোরেশন (বিআরটিসি) এবার শ্যামলী এনআর ট্রাভেলসকে ঢাকা-কলকাতা সরাসরি চলাচলের অনুমতি দিয়েছে বলে জানান শ্যামলী এনআর ট্রাভেলসের ব্যবস্থাপনা পরিচালক শুভাঙ্কর ঘোষ রাকেশ।

করোনার কারণে বাসসেবা বন্ধ রাখার আগে ভারত ও বাংলাদেশের মধ্যে ঢাকা-কলকাতা-ঢাকা, ঢাকা-আগরতলা-ঢাকা, ঢাকা-সিলেট-শিলং-গুয়াহাটি-ঢাকা, আগরতলা-ঢাকা-কলকাতা-আগরতলা ও ঢাকা-খুলনা-কলকাতা-ঢাকা বাস সার্ভিস চালু ছিল।

করোনা মহামারির কারণে ২০২০ সালের মার্চ মাস থেকে বন্ধ হয়ে যায় ঢাকা-কলকাতা রুটের বাস চলাচল। ২ বছর ২ মাস পর করোনা মহামারী নিয়ন্ত্রণে আসায় ফের শুরু হলো ঢাকা-কলকাতা এবং কলকাতা-খুলনা রুটের বাস চলাচল।

বেনাপোল চেকপোস্টে শ্যামলী এনআর ট্রাভেলসের ম্যানেজার বাবলুর রহমান জানান, করোনার কারণে দীর্ঘ দুই বছর বন্ধ থাকার পর শুক্রবার বিকালে ২২ জন যাত্রী নিয়ে ঢাকা-কলকাতা রুটে সরাসরি যাত্রীবাহী বাস চলাচল শুরু হয়েছে।

যশোরের জেলা প্রশাসক তমিজুল ইসলাম খান জানান, ঢাকা-কলকাতা রুটে শ্যামলী এনআর ট্রাভেলসের বাস সরাসরি চলাচলের ব্যাপারে চিঠি পেয়েছি। বাসটি শুক্রবার বিকালে বেনাপোল থেকে কলকাতার উদ্দেশে ছেড়ে যাবে।