Home জাতীয় শিক্ষিকাকে হত্যার অভিযোগে স্বামী ও তার প্রেমিকার নামে মামলা

শিক্ষিকাকে হত্যার অভিযোগে স্বামী ও তার প্রেমিকার নামে মামলা

17

খুলনাঞ্চল রিপোর্ট।।

রাজবাড়ীতে যৌতুকের দাবিতে পুরবী ইসলাম (৪৫) নামের এক শিক্ষিকাকে পিটিয়ে হত্যার অভিযোগে দুই মাস পর মামলা করেছে নিহতের বোন। গত ২২ মে করা মামলাটি আদালতের নির্দেশে গতকাল বৃহস্পতিবার রাজবাড়ী সদর থানায় নথিভুক্ত করা হয়।মামলাটি করেন পুরবীর বোন, ফরিদপুরের মধুখালী উপজেলার উপসহকারী কৃষি কর্মকর্তা কাকলী খাতুন।

জানা যায়, নিহত পুরবী কোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা ছিলেন। তার স্বামী কোলা সদরউদ্দিন উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ফরহাদ হোসেন বিশ্বাস।

মামলার বাদী কাকলী খাতুন বলেন, তার বোন পুরবীকে ৫ লাখ টাকা যৌতুকের দাবিতে মানসিক ও শারীরিক নির্যাতন করে আসছিলেন ফরহাদ। যার অংশ হিসেবে গত ৭ এপ্রিল রাতে ফরহাদ হোসেন বিশ্বাস এবং তার প্রেমিকা ছমিরুন নেছা পুরবীকে পিটিয়ে মারাত্মক আহত করেন।

তিনি আরও বলেন, খবর পেয়ে তারা ফরহাদের বাড়ি রাজবাড়ী সদর উপজেলার বসন্তপুর ইউনিয়নের কোলা গ্রামে গিয়ে দেখেন ঘরের দরজা বাইরে থেকে বন্ধ। দরজা খুলে ঘরে গিয়ে দেখেন তার বোন মৃত অবস্থায় খাটের ওপর পড়ে আছেন।

এরপর কাকলী গত ২২ মে রাজবাড়ীর নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনালে ফরহাদ হোসেন বিশ্বাস এবং ফরহাদের প্রেমিকা ছমিরুন নেছাকে আসামি করে একটি হত্যা মামলা করেন। আদালতের নির্দেশে ওই মামলাটি বৃহস্পতিবার থানায় নথিভুক্ত করা হয়।

অপরদিকে, ওই ঘটনায় গত ৮ এপ্রিল কাকলী খাতুন ও তার ভাই মেহেদী হাসান রাজবাড়ী সদর থানায় একটি আত্মহত্যার প্ররোচনার মামলা করেন। যে মামলায় ফরহাদকে গ্রেপ্তার করা হয়। ওই মামলায় বর্তমানে আদালতের দেওয়া জামিনে মুক্ত আছেন ফরহাদ।

রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহাদাত হোসেন জানান, আদালতের নির্দেশে হত্যা মামলাটি থানায় নথিভুক্ত করা হয়েছে। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।