Home আঞ্চলিক এসআই পরিচয়ে পাত্রী দেখতে গিয়ে ধরা খেলো ‘চোর’

এসআই পরিচয়ে পাত্রী দেখতে গিয়ে ধরা খেলো ‘চোর’

15

চুয়াডাঙ্গা প্রতিনিধি।।

বিয়ের জন্য পাত্রী দেখতে চুয়াডাঙ্গায় এসে ধরা পড়লো পুলিশের ভুয়া এসআই (উপপরিদর্শক) সোহেল রানা। মঙ্গলবার রাতে জেলা শহরের শেখপাড়া থেকে তাকে গ্রেপ্তার করে সদর থানা পুলিশ। পরে তার স্বীকারোক্তিতে শহরের একটি আবাসিক হোটেল থেকে উদ্ধার করা হয় পুলিশের পোশাক ও নগদ টাকা। এছাড়াও উদ্ধার করা হয়েছে ঝিনাইদহ থেকে পুলিশের পোশাক পরিহিত অবস্থায় কৌশলে চুরি করা মোটরসাইকেল। এর আগে পুলিশ পরিচয়ে ওই পাত্রীরই এক আত্মীয়ের কাছ থেকে নগদ টাকা হাতিয়ে নেয় সোহেল রানা।

পুলিশি জিজ্ঞাসাবাদে এসব অপরাধ স্বীকার করেছে পুলিশের উপপরিদর্শক পরিচয়দানকারী প্রতারক সোহেল রানা ওরফে হিমেল। এ ঘটনায় তার বিরুদ্ধে চুয়াডাঙ্গা সদর থানায় মামলা হয়েছে।

পুলিশ জানিয়েছে, চুয়াডাঙ্গা পৌর এলাকার শেখপাড়ার জহুরুল ইসলাম মানিকের মেয়েকে পুলিশের এসআই পরিচয় দিয়ে দেখতে যায় সোহেল রানা। এ সময় তার কথাবার্তায় সন্দেহ হয় কনের পরিবারের। কনের বাড়ির ভাড়াটিয়া আলমডাঙ্গা থানায় কর্মরত এসআই আব্দুল গাফফার জিজ্ঞাসা করলে সোহেল রানা যশোর মনিরামপুর থানায় কর্মরত বলে জানায়। নিশ্চিত হওয়ার জন্য ওই থানায় যোগাযোগ করা হলে স্পষ্ট হয় যে, সেখানে সোহেল রানা নামের কোনো এসআই নেই। এরপর খবর দেওয়া হয় চুয়াডাঙ্গা সদর থানায়।

পুলিশের জিজ্ঞাসাবাদের একপর্যায়ে সোহেল রানা পুলিশ নয় বলে স্বীকার করে। তার কাছে থাকা পালসার ব্র্যান্ডের মোটরসাইকেলটিও চুরি করা বলে জানায় সে। এরপর তার স্বীকারোক্তিতে শহরের হোটেল ভিআইপি’র বরাদ্দ নেওয়া একটি কক্ষ থেকে উদ্ধার করা হয় পুলিশের পোশাক ও নগদ সাড়ে আট হাজার টাকা। মঙ্গলবার পুলিশ পরিচয় দিয়ে এক আসামির জামিন পাইয়ে দেওয়ার কথা বলে হাতিয়ে নেয় নগদ ১২ হাজার টাকা। যার মধ্যে উদ্ধার হয় ৮ হাজার ৫০০ টাকা।

এ ঘটনায় গতকাল মঙ্গলবার রাতেই প্রতারক সোহেল রানার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। খবর পেয়ে ঝিনাইদহ থেকে চুরি করা মোটরসাইকেলের মালিক তারেক হোসেন চুয়াডাঙ্গা থানায় হাজির হন। এ সময় তিনি বলেন, গত ১৫ মার্চ পুলিশের পোশাক পরহিত অবস্থায় ট্রায়াল দেওয়ার কথা বলে মোটরসাইকেল নিয়ে সটকে পড়েন সোহেল রানা।

এর আগে আদালতের নথি জাল করে ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামিদের জামিন দেওয়ার নামে প্রতারণা করে অর্থ হাতিয়ে নেওয়ার ঘটনায় গ্রেপ্তার হয় সোহেল রানা। পুলিশের উপ-পরিদর্শককে (এসআই) পরিচয় দেওয়া সোহেল রানাকে সে সময় চুয়াডাঙ্গা আদালত প্রাঙ্গণ থেকে গ্রেপ্তার করে সদর থানা পুলিশ। তারপর জামিনে মুক্তি পেয়ে আবারও প্রতারণা করতে থাকেন।

চুয়াডাঙ্গা সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আবু সাঈদ জানান, সোহেল রানার বিরুদ্ধে একটি প্রতারণা ও চুরি মামলা দায়ের করা হয়েছে। তাকে আদালতে সোপর্দ করা হবে। তার বিরুদ্ধে চুয়াডাঙ্গা সদর থানাসহ বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।