শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি ।।
শরণখোলায় বুধবার (৩০ মার্চ) দুপুরে বনরক্ষীরা অভিযান চালিয়ে হরিণের মাংসসহ একজনকে আটক করা হয়েছে। এ সময় হরিণের মাংস বহনকারী একটি মোটর সাইকেল জব্দ করা হয়। আটককৃতকে বাগেরহাট আদালতে চালান দেয়া হয়েছে।
বনবিভাগ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সুন্দরবনের শরণখোলা রেঞ্জের স্মার্ট টিমের বনরক্ষীরা বুধবার বেলা দেড়টার দিকে উপজেলার মঠেরপাড় (নলবুনিয়া) বটতলা এলাকায় ওৎপেতে থাকে। এসময় উপজেলা সদর রায়েন্দা বাজার থেকে মোরেলগঞ্জগামী একটি মোটর সাইকেলকে থামায় এবং মোটর সাইকেলের সাথে বাধা একটি ব্যাগে ৪ কেজি হরিণের মাংস পাওয়া যায়। বনরক্ষীরা হরিণের মাংস বহনের দায়ে মোটর সাইকেল চালক ও হারিণের মাংস ব্যবসায়ী জুবায়ের হোসেন (৩০) কে আটক করে পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জ সদরে নিয়ে যায়। আটক জুবায়ের খুলনার পাইকগাছার নাসিরপুর গ্রামের মৃত মনিরুজ্জামানের পুত্র। সে দীর্ঘদিন যাবৎ একটি কোম্পানীর চাকুরীর আড়ালে হরিণের মাংসের ব্যবসা করে আসছিল।
পূর্ব সুন্দরবনের শরণখোলা ষ্টেশন কর্মকর্তা ফরেষ্টার আসাদুজ্জামান জানান, ধৃত জুবায়ের একজন হরিণ শিকারী ও মাংস বিক্রেতা। মোটরসাইকেলসহ হরিণের মাংস আটকের ঘটনায় একটি বন মামলা রেকর্ড করা হয়েছে এবং ধৃত ব্যক্তিকে বুধবার বিকেলে বাগেরহাট আদালতে চালান দেওয়া হয়েছে বলে ঐ ষ্টেশন কর্মকর্তা জানিয়েছেন।##











































