স্টাফ রিপোর্টার।।
নগরীর দৌলতপুরে শাহারবানু সমাজ কল্যান সংস্থা নামের একটি সমবায় প্রতিষ্ঠান খুলে গ্রাহকের ৩ কোটি ৯লাখ ৩৯ হাজার ১৫০ টাকা আত্মসাতের মামলায় গ্রেপ্তার সাংবাদিক এস এম শরিফুল ইসলাম বনি (৫৪) ও তার স্ত্রী সালমা আক্তার (৪৯) কে জেলহাজতে পাঠানোর আদেশ দিয়েছে আদালত।
বুধবার (৩০ মার্চ) বিকেল মামলার তদন্ত কর্মকর্তা এসআই লুৎফুল হায়দার আসামিদের আদালতে হাজির করেন। এসময় আদালতের বিচারক মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারওয়ার আহমেদ তাদের জেলহাজতে পাঠানোর আদেশ প্রদান করেছেন। বনি দৌলতপুর দেয়ানা উত্তর পাড়ার মৃত. এস এম ইউসুফ আলীর ছেলে এবং সালমা আক্তার এস এম শরিফুল ইসলাম বনি’র স্ত্রী ও আজাহার উদ্দিন আহমেদ এর মেয়ে।
মামলার বিবরণে জানা যায়, নগরীর দৌলতপুর মহসিন মোড়স্থ মিনা ম্যানসনের দ্বিতীয় তলায় শাহারবানু সমাজ কল্যান সংস্থা নামের একটি সমবায় প্রতিষ্ঠানের এস এম শরিফুল ইসলাম বনি’র নিকট ২০১৯ সালের মার্চ থেকে ২০২২ সালের জানুয়ারি পর্যন্ত এক কোটি চৌদ্দ লাখ তিরাশি হাজার টাকা জমা করেন দৌলতপুর দেয়ানা দক্ষিণ পাড়ার আবু বকর শেখের ছেলে এস এম আজাহারুল ইসলাম। এছাড়া টুটুল বন্দের কাছ থেকে ৩০ লাখ, মেহেরুন নেছার কাছ থেকে ৭০ লাখ ৭৫ হাজার, আব্দুল্লাহ এর কাছ থেকে ৪০ লাখ ৫৬ হাজার, সাইফুল আলমের কাছ থেকে ১৪ লাখ, মুন্নি বেগমের কাছ থেকে এক লাখ, কামাল চৌধুরীর কাছ থেকে ১৯ লাখ, হারুন অর রশিদের কাছ থেকে ৭ লাখ, কামাল হোসেনের কাছ থেকে এক লাখ, নজরুল ইসলাম নজুর কাছ থেকে ৭ লাখ ও খায়রুল আলমের কাছ থেকে ৪০ লাখ ২৫ হাজার টাকাসহ মোট ৩ কোটি ৯লাখ ৩৯ হাজার ১৫০ টাকা জমির প্লট ও সমিতির লভ্যাংশ দেয়ার কথা বলে আত্মসাৎ করেন আসামিরা। আসামিরা তাদের বসত বাড়ী বিক্রি করে অন্যের টাকা আত্মসাৎ করে বিদেশ পালিয়ে যাওয়ার জন্য ইতোমধ্যে পাসপোর্টও বানিয়েছেন। এঘটনায় আজাহারুল ইসলাম বাদী হয়ে এস এম শরিফুল ইসলাম বনি ও তার স্ত্রী সালমা আক্তারকে আসামি করে দৌলতপুর থানায় মামলা দায়ের করেন যার নং- ১১।
দৌলতপুর থানার অফিসার ইনচার্জ মো. নজরুল ইসলাম জানান, আসামিরা একটি নামধারী প্রতিষ্ঠান খুলে বিভিন্ন জনকে প্রলোভন দিয়ে ২০১৯ সাল থেকে ২০২২ পর্যন্ত কোটি কোটি টাকা আত্মসাৎ করেছেন। এমন ১০জন ব্যক্তির অভিযোগের ভিত্তিতে তাদের আটক করা হয়। পরে এস এম আজাহারুল ইসলাম নামের এক ব্যক্তি বাদী হয়ে তিনিসহ ৯জনের পক্ষে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।











































