Home খেলাধুলা সংবর্ধনায় সিক্ত ক্রীড়া প্রতিমন্ত্রী

সংবর্ধনায় সিক্ত ক্রীড়া প্রতিমন্ত্রী

9

ক্রীড়া প্রতিবেদক।।
‘মালদ্বীপের দেওয়া স্পোর্টস অ্যাওয়ার্ডটি আমি জাতির পিতা বঙ্গবন্ধুকে উৎসর্গ করছি। এই পুরস্কার সম্ভব হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুদৃষ্টির কারণেই’, মালদ্বীপে স্পোর্টস অ্যাওয়ার্ড পাওয়ায় মঙ্গলবার শেখ কামাল মিলনায়তনে জাতীয় ক্রীড়া পরিষদ কর্তৃক দেওয়া এক সংবর্ধনা অনুষ্ঠানে কথাগুলো বলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল এমপি। এ সময় আওয়ামী লীগের যুব ও ক্রীড়া উপকমিটির সদস্য সচিব হারুনুর রশিদ, সাবেক তারকা ফুটবলার আবদুল গাফফার, যুব ও ক্রীড়া সচিব মেজবাহ উদ্দিন ও তথ্য কমিশনার আবদুল মালেক উপস্থিত ছিলেন।

প্রতিমন্ত্রী যোগ করেন, ‘ক্রীড়াবিদ ও সংগঠকদের সহায়তায় প্রধানমন্ত্রী উদারহস্ত। স্বাধীন বাংলা ফুটবল দলের তিন সদস্য ও তাদের পরিবারকে এক কোটি টাকার বেশি অর্থ সহায়তা দিয়েছেন তিনি। ক্রীড়াবিদদের সহায়তা চেয়ে কখনো আমাদের ফিরতে হয়নি প্রধানমন্ত্রীর কাছ থেকে।’ ১৮ মার্চ মালদ্বীপের রাজধানী মালেতে রাষ্ট্রপতি ইব্রাহিম মোহামেদ সলিহ এই পুরস্কার তুলে দেনে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর হাতে। জাহিদ আহসান রাসেলকে ফুলেল শুভেচ্ছা জানায় বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে), হকি, শুটিং, ব্যাডমিন্টন, বক্সিং, ভারোত্তোলন, শরীরগঠন, ক্যারম, বাস্কেটবল, জিমন্যাস্টিকস, সাইক্লিং, সাঁতার, কাবাডি, দাবা, টেবিল টেনিস, তায়কোয়ান্দো, কারাতে, রোলার স্কেটিং, টেনিস, রাগবি, জুডো ফেডারেশন ও শেখ রাসেল স্পোর্টস একাডেমি। এ ছাড়া প্রতিমন্ত্রীকে মার্শাল আর্ট উশু অ্যাওয়ার্ড তুলে দেয় উশু ফেডারেশন এবং ফুলেল শুভেচ্ছা জানায় ফেন্সিং অ্যাসোসিয়েশন ও টার্গেটবল অ্যাসোসিয়েশন। ব্যক্তিগতভাবে ফুল দিয়ে শুভেচ্ছা জানান সাবেক তারকা ফুটবলার শেখ মো. আসলাম।