স্টাফ রিপোর্টার ।।
সাতক্ষীরার লাবশা এলাকার শেখ ওহিদুর রহমান ওরফে রিপন নামের এক মাহেন্দ্র চালককে হত্যা এবং মাহেন্দ্র ছিনতাই করে লবনচরা থানা এলাকায় ফেলে যাওয়ার মামলায় ৪আসামীকে ফাঁসির দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁদের প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। এ ছাড়া ছিনতাই ও দস্যুতা করার অপরাধে প্রত্যেককে ১০ বছরের সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদণ্ডাদেশ দেয়া হয়েছে। মঙ্গলবার (২৯ মার্চ) দুপুরে খুলনা অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক এস এম আশিকুর রহমান এ রায় ঘোষণা করেছেন। রায় ঘোষণাকালে আসামিরা পলাতক ছিলেন।
দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন কিশোরগঞ্জের ইলচ্চা বাজার এলাকার মোহাম্মদ নুর ইসলাম, একই এলাকার জনি দাস, চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার মো. রনি শিকদার ও খুলনার বটিয়াঘাটা উপজেলার মোহাম্মদ মাসুদ রানা মোল্লা। হত্যা ও মাহেন্দ্র ছিনতাইয়ের কথা তাঁরা আদালতের কাছে দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দীতে উল্লেখ করেছিলেন।
ওই আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী ছিলেন কাজী সাব্বির আহমেদ। তিনি বলেন, ওহিদুর রহমান একজন মাহেন্দ্র চালক। তিনি সাতক্ষীরার লাবশা এলাকার শেখ তৌহিদুর রহমানের ছেলে। ২০১৬ সালের ১১ জানুয়ারি সকালে মাহেন্দ্র চালানোর উদ্দেশে বাড়ি থেকে বের হয়েছিলেন তিনি। রাতে বাড়ি ফিরে না আসলে পরিবারের সদস্যরা চিন্তিত হয়ে পড়েন। পরেরদিন নিহতের ছোটভাই জানতে পারেন খুলনা নগরের লবনচরা থানা এলাকায় এক অজ্ঞাত ব্যক্তির লাশ পাওয়া গেছে। সংবাদ পেয়ে নিহতের ভাই খুলনায় এসে ওহিদুর রহমানের লাশ শনাক্ত করেন। লাশ দাফন শেষে তিনি জানতে পারেন গোপালগঞ্জের কাশিয়ানি থেকে মাহেন্দ্রসহ চারজন আটক হয়েছেন। পরেরদিন তিনি লবনচরা থানায় ওই চারজনের নাম উল্লেখ করে মামলা দায়ের করেছিলেন।
আদালতের বেঞ্চ সহকারী শুভেন্দু রায় চৌধুরী নথীর বরাত দিয়ে জানান, ঘটনার দিন সন্ধ্যার দিকে ৪ আসামি পূর্ব পরিকল্পনা অনুযায়ি মাহেন্দ্র ছিনতাইয়ের উদ্দেশ্যে খুলনায় আসার জন্য ৭০০ টাকায় ওহিদুর রহমানের মাহেন্দ্রটি ভাড়া করেন। রাত ৯টার দিকে নগরীর লবনচরা থানা এলাকায় পৌছালে আসামিরা ওহিদুর রহমানকে ছুরিকাঘাত করে হত্যা করে সড়কের ধারে ফেলে দিয়ে মাহেন্দ্র নিয়ে পালিয়ে যান। পরে গোপালগঞ্জ এলাকার কাশিয়ানি পুলিশের চেকপোষ্টে গিয়ে তাঁরা সন্দেহজনকভাবে আটক হন। এসময় পুলিশের জিজ্ঞাসাবাদে তাঁরা হত্যাকান্ডের কথা স্বীকার করেন। পরে তাঁরা আদালতের কাছেও জবানবন্দী দিয়েছিলেন। ওই বছরের ৩১ ডিসেম্বর মামালার তদন্ত কর্মকর্তা সিআইডি পুলিশ পরিদর্শক মীর আতাহার আলী ৪জনকে আসামি করে আদালতে অভিযোগপত্র দাখিল করেছিলেন। মামলায় মোট ২৩ জন স্বাক্ষীর মধ্যে আদালত ১৫ জন স্বাক্ষ্য প্রদান করেন।











































