Home আঞ্চলিক সুন্দরবনে এ বছর ১৫ দিন আগে মধু ও মোম আহরণ শুরু

সুন্দরবনে এ বছর ১৫ দিন আগে মধু ও মোম আহরণ শুরু

25

স্টাফ রিপোর্টার।।

বিশ্বের সবচেয়ে বড় ম্যানগ্রোভ বন সুন্দরবনে এ বছর ১৫ দিন আগে মঙ্গলবার থেকে মধু ও মোম আহরণ শুরু হয়েছে। যা চলবে আড়াই মাস অর্থ্যাৎ আগামী ৩০ মে পর্যন্ত। এর আগে অন্যান্য বছর ১ এপ্রিল থেকে মধু-মোম আহরণ শুরু হতো।

মঙ্গলবার দুপুরে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনি এলাকায় খুলনা সার্কেলের বন সংরক্ষক মিহির কুমার দো মধু সংগ্রহ কার্যাক্রমের উদ্বোধন করেন। এ সময় বিভাগীয় বন কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি ও মৌয়ালরা উপস্থিত ছিলেন।

সুন্দরবন পশ্চিম বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা ড. আবু নাসের মোহসিন হোসেন জানান, অন্যান্য বছর ১ এপ্রিল থেকে সুন্দরবন থেকে মৌয়ালরা মধু ও মোম সংগ্রহ করতেন। তার আগে মৌয়ালদের পাশ-পারমিট দেওয়া হতো। কিন্তু দেখা যেতো কিছু মৌয়াল পাশ-পারমিট না নিয়ে অবৈধভাবে আগেই বনে ঢুকে মধু আহরণ শুরু করতো। এর ফলে পাশ-পারমিট নিয়ে বনে যাওয়া মৌয়ালরা তাদের কাঙ্ক্ষিত মধু আহরণ করতে পারতেন না। তাছাড়া তারা গবেষণা করে দেখেছেন- বনের মৌচাকগুলোতে ১৫ মার্চ থেকেই মধু পাওয়া যায়। সে কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

খুলনা সার্কেলের বন সংরক্ষক মিহির কুমার দো জানান, গত বছর সুন্দরবন থেকে ৪ লাখ ৪৬ হাজার ৩১৫ কেজি মধু ও ১ লাখ ৩৩ হাজার ৯০৫ কেজি মোম আহরণ করেছিলেন মৌয়ালরা। মধু থেকে ৩৩ লাখ ৪৭ হাজার ৩৬৩ টাকা এবং মোম থেকে ১৩ লাখ ৩৯০ হাজার ৫০ টাকা রাজস্ব আয় হয়েছিল। এ বছর এর পরিমাণ আরও বাড়বে বলে প্রত্যাশা করেন তিনি।

মৌয়ালরা জানান, সুন্দরবন বন বিভাগ গতবারের তুলনায় এ বছর মধু আহরণের রাজস্ব বৃদ্ধি করেছে। সুন্দরবনে প্রতি কুইন্টাল (১০০ কেজি) মধু সংগ্রহে রাজস্ব নির্ধারণ করা হয়েছে ১ হাজার ৬০০ টাকা। যা আগে ছিল ১ হাজার টাকা। ফলে প্রতি কুইন্টাল মধুতে রাজস্ব বেড়েছে ৬০০ টাকা। একই সঙ্গে প্রতি কুইন্টাল মোম সংগ্রহে রাজস্ব বেড়েছে ২০০ টাকা। আগে প্রতি কুইন্টাল মোমে রাজস্ব দিতে হতো ২ হাজার টাকা। বর্তমানে বাড়িয়ে তা নির্ধারণ করা হয়েছে ২ হাজার ২০০ টাকা। তারা জানান, সুন্দরবনে যে কয়টি প্রজাতির ফুলের মধু পাওয়া যায়, তার মধ্যে খলসি ও গরাণ ফুলের মধু সবচেয়ে উন্নতমানের।