স্পোর্টস ডেস্ক ॥
প্রথম কিছু প্রাপ্তির অনুভূতি সব সময় অন্যরকম। গত নবেম্বরে জিম্বাবুইয়েতে বাছাই পর্ব পেরিয়ে বাংলাদেশ নারী ক্রিকেট দল যখন প্রথম বারের মতো ওয়ানডে বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করে তখন থেকেই উচ্ছ্বাসে ভাসছিলেন জাহানারা আলম, সালমা খাতুনরা। স্বপ্নের আসরে মাঠে নামতে যেন তর সইছিল না টাইগ্রেসদের। নিউজিল্যান্ডে পা রাখার পর আবেগ সামলে অধিনায়ক নিগার সুলতানা বলেছিলেন, কেবল অংশগ্রহণ নয়, উজ্জ্বল আগামীর বীজ বপন করতে চায় তার দল। টানা দুই হারে শুরুর পরও আত্মবিশ্বাসে চিড় ধরেনি। প্রথম জয়ের খোঁজে চেনা প্রতিপক্ষ পাকিস্তানকে টার্গেট করেছিল তারা। আর সেটি এখন বাস্তব। হ্যামিল্টনে সোমবার প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে ৯ রানের দারুণ জয়ে ইতিহাস গড়েছে নিগারের দল। নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেটে ২৩৪ রানের স্কোর গড়ার পর ৯ উইকেটে ২২৫ রানে থামিয়ে দিয়েছে প্রতিপক্ষকে। ৩৮ রানের বিনিময়ে ৩ উইকেট নিয়ে ম্যাচসেরা লেগস্পিনার ফাহিমা খাতুন যারপরনাই আনন্দিত, রোমাঞ্চিত। অধিনায়ক নিগার বলেছেন, ‘আজ ইতিহাস গড়ার দিন’। কীর্তিগড়া মেয়েদের অভিনন্দন জানিয়ে বার্তা দিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
টসে হেরে ব্যাটিং পাওয়া বাংলাদেশ শুরু করে প্রথম ওভারে শামিমা সুলতানার দুর্দান্ত এক কাভার ড্রাইভ বাউন্ডারিতে। শারমিন আক্তারের সঙ্গে ওপেনিং জুটিতে আসে ৩৬ রান। ৯ম ওভারে শামিমা ফেরেন ১৭ রান করে। ৬ চারে ৫৫ বলে ৪৪ রান আসে শারমিনের ব্যাট থেকে। এরপরই ইনিংসের সেরা জুটি গড়ে ওঠে ইনফর্ম ফারজানা ও অধিনায়ক নিগারের মধ্যে। ১২৪ বলে ৯৬ রানের এই জুটি ভাঙ্গে নিগারের (৬৪ বলে ৪৬)। ক্যারিয়ারের নবম ফিফটিতে সর্বোচ্চ ৭১ রান করে ফারজানা নাশরা সান্ধুর বলে ধরা পড়েন উইকেটের পেছনে। ১১৫ বলের ইনিংসটি তিনি সাজিয়েছেন ৫টি চার দিয়ে। ৫০ ওভারে ২৩৪/৭Ñ নিজেদের ওয়ানডে ইতিহাসে এটিই বাংলাদেশের মেয়েদের দলীয় সর্বোচ্চ রানের রেকর্ড। ২৩৫ রানের জয়ের লক্ষ্যে এক পর্যায়ে ২ উইকেটে ১৮৩ রান তুলে নিয়েছিল পাকিস্তান। অবিশ^াস্য বোলিংয়ে লক্ষ্যে অবিচল মেয়েরা সেই তাদেরই থামিয়ে দিয়েছে ২২৫/৯Ñএ। শেষ ৮ ওভারের মধ্যে তুলে নিয়েছে আরও ৭ উইকেট। ইতিহাস গড়ার ক্ষণগুলো বুঝি এমনই হয়! বাংলাদেশের উৎসবের মাঝে কাঁটা হয়ে দাঁড়িয়ে গিয়েছিলেন সেঞ্চুরিয়ান সিদরা আমিন (১০৪)। নাহিদা খানকে নিয়ে উদ্বোধনী জুটিতেই যোগ করেছিলেন ৯১ রান। ২৪তম ওভারে রুমানা আহমেদের বলে বোল্ড হয়ে নাহিদা (৪৩) ফিরলেও অধিনায়ক বিসমাহ মারুফের (৩১ রান) সঙ্গে তৃতীয় উইকেটে আবার ৬৪ রানের জুটি সিদরার। ৩৮তম ওভারে পাকিস্তান পেরিয়ে যায় ১৫০ রান।
কে জানত, সেখান থেকেই অবিশ্বাস্যভাবে ঘুরে দাঁড়াবে বাংলাদেশ! নিগার সুলতানা তার নেতৃত্বের মুন্সিয়ানায় লেগস্পিন দিয়ে প্রতিপক্ষকে একেবারে পর্যুদস্ত করেন। ওমাইমা সোহেলকে (১০) ফেরানোর পর ফাহিমা পরপর দুই বলে আউট করেন বিপজ্জনক আলিয়া রিয়াজ (০) ও ফাতিমা সানাকে (০)। আরেক ভরসা নিদা দারকে (০) ও শূন্যতেই শেষ করেন রুমানা। ৫ রানের মধ্যে ৫ উইকেট হারিয়ে কার্যত ম্যাচ থেকে ছিটকে পড়ে পাকিস্তান। সিদরা আমিন (১৪০ বলে ৮ চারে ১০৪) তবু চেষ্টা চালিয়ে যান। কিন্তু দলকে বিশ্বকাপে প্রথম সেঞ্চুরি উপহার দেয়ার পর তিনি বিদায় নেন রান আউটে। শেষ সময়ে স্নায়ুর চাপ সামলে ম্যাচ জিতে আনন্দ-নৃত্যে মেতে ওঠে বাংলার মেয়েরা। ম্যাচ শেষে অনুভূতি জানিয়ে অধিনায়ক নিগার বলেন, ‘আনন্দ ভাষায় প্রকাশ করতে পারব না। বিশ্বকাপে আমাদের প্রথম জয়। আজকে ইতিহাস গড়ার দিন, আমরা গড়েছি। এই মোমেন্টাম টুর্নামেন্ট জুড়ে বয়ে নিতে চাই।’ এক পর্যায়ে ৮ উইকেট হাতে নিয়ে ৪৯ বলে মাত্র ৫২ রান প্রয়োজন ছিল পাকিস্তানের। তখনই দুই প্রান্ত থেকে স্পিন আক্রমণ। ৫ রানের মধ্যে প্রতিপক্ষ হারায় ৫ উইকেট, ‘এখানকার দুটি ম্যাচ আমি দেখেছি। খেয়াল করেছি, স্পিনাররা এখানে সুবিধা পায়। আমার মনে হয়েছে, সে যদি নিজের সেরাটা দিতে পারে, আমরা তাকে খুব ভালোভাবে কাজে লাগাতে পারি’Ñ যোগ করেন অধিনায়ক। তিনি আরও বলেন, ‘আমরা পাকিস্তানকে খুব ভাল করে জানি। পরস্পরের সঙ্গে অনেক খেলেছি। সবশেষ স্মৃতিও দারুণ, বাছাইপর্বে ওদেরকে শেষ ওভারে হারিয়েছিলাম। আজকের জয়ও রোমাঞ্চকর। মেয়েরা কঠোর পরিশ্রম করেছে। এখন সামনে এগিয়ে যেতে চাই।’
আর দারুণ বোলিংয়ে ম্যাচসেরা হওয়া ফাহিমা বলেন, ‘আমার অধিনায়ক এবং আমার দলের সিনিয়র খেলোয়াড়রা আমার ওপর যে বিশ্বাসটা রাখতে পেরেছে, আমি সেটা রাখতে পেরেছি (প্রতিদান)। ঐতিহাসিক জয়ে অবদান রাখতে পেরে আমি রোমাঞ্চিত। তিনি আরও যোগ করেন, ‘আগেও বলেছি, পাকিস্তানের সঙ্গে শুধু আমার নয়, দলের সব মেয়ের খেলার জন্য এবং জেতার জন্য বাড়তি ক্ষুধা থাকে। আমরা চেষ্টা করেছি। আমরা বলতাম যে, বোলাররাই আমাদের সব সময় জেতায়, ব্যাটাররা ওইভাবে অবদান রাখতে পারছে না। কিন্তু এবার বিশ্বকাপে ব্যাটাররা অবদান রাখছে, বোলাররা অনেক বেশি সাপোর্ট দিচ্ছে।’ দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ডের কাছে হারের পর বিশ^কাপে ঐতিহাসিক এ জয় পেল মেয়েরা। শুক্রবার পরের ম্যাচে প্রতিপক্ষ শক্তিশালী ওয়েস্ট ইন্ডিজ।











































