Home আঞ্চলিক ছেঁউড়িয়ায় তিন দিনব্যাপী দোল উৎসব শুরু আজ

ছেঁউড়িয়ায় তিন দিনব্যাপী দোল উৎসব শুরু আজ

13

মোঃ রেজাউর রহমান তনু,কুষ্টিয়া ॥

 লৌকিক বাংলার কিংবদন্তি সাধক বাউল সম্রাট ফকির লালন শাহ’র তিন দিনব্যাপী বার্ষিক ‘দোল পূর্ণিমা উৎসব’ বা ‘স্মরণোৎসব’ আজ শুরু।

এ উপলক্ষে মঙ্গলবার ১৫ মার্চ থেকে ছেঁউড়িয়ায় লালনের আখড়াবাড়িতে বসছে তিন দিনব্যাপী সাধুর হাট। এদিন সন্ধ্যালগ্নে ‘রাখল সেবা’র মধ্য দিয়ে শুরু হবে সাধুদের দেড় দিনের মূল উৎসব। চলবে বৃহস্পতিবার বিকেলে ‘অষ্টপ্রহর সাধুসংঘ’ বা ‘পূর্ণ সেবা’ গ্রহণ পর্যন্ত। করোনা মহামারীর কারণে সরকারী নিষেধাজ্ঞায় ২০২০ সালের পর টানা দুই বছর লালন আখড়াবাড়িতে বন্ধ ছিল লালন শাহর স্মরণোৎসব ও লালন তিরোধান দিবসের সব অনুষ্ঠান। এ উৎসবকে সফল করার জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে ইতোমধ্যে সব রকম প্রস্তুতি গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন, লালন একাডেমির সভাপতি ও কুষ্টিয়ার জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল ইসলাম। রবিবার বিকেলে লালন একাডেমিতে এক প্রেস ব্রিফিংয়ে জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল ইসলাম আশা প্রকাশ করে জানান, দীর্ঘদিন পর লালন স্মরণোৎসবের আয়োজন হওয়ায় এবার প্রচুর লোক সমাগম হবে। তাই এই অনুষ্ঠানকে ঘিরে কঠোর নিরাপত্তা বলয় গড়ে তোলা হচ্ছে। সরেজমিনে লালন মাজার ঘুরে দেখা যায়, তিন দিনব্যাপী এই আয়োজনকে ঘিরে এরই মধ্যে দেশ-বিদেশ থেকে ভক্ত-সাধুরা লালনের আখড়াবাড়িতে আসতে শুরু করেছেন। চলছে আখড়াবাড়ির সাজ-সজ্জা। মূল মাজারের সামনের কালী নদীর তীরে চলছে মঞ্চ ও গ্রামীণ মেলার প্রস্তুতি। দোল উৎসবকে কেন্দ্র করে লালনের আখড়াবাড়ি চত্বর এখন উৎসব মুখর। জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল ইসলামের সভাপতিত্বে মঙ্গলবার সন্ধ্যায় তিন দিনব্যাপী এ স্মরণোৎসবের উদ্বোধন করবেন প্রধান অতিথি খুলনা বিভাগীয় কমিশনার মোঃ ইসমাইল হোসেন এনডিসি। অনুষ্ঠানে অতিথি থাকার কথা রয়েছে খুলনা রেঞ্জের ডিআইজি ড.খ: মহিদ উদ্দিন বিপিএম, কুষ্টিয়া পুলিশ সুপার মোঃ খাইরুল আলম, জিপি এ্যাডভোকেট আখতারুজ্জামান মাসুম প্রমুখ। লালন একাডেমির অনুষ্ঠান তিনদিনের হলেও সাধুদের মূল উৎসব দেড় দিনের। সন্ধ্যায় ‘রাখল সেবা’ (মুড়ি, চিড়া, খাগড়াই মিশিয়ে দেয়া খাবার) গ্রহণের মধ্য দিয়ে তা শুরু হবে এবং শেষ হবে বৃহস্পতিবার বিকেলে ‘অষ্টপ্রহর সাধুসংঘ’ বা ‘পূর্ণ সেবা’ গ্রহণের মধ্য দিয়ে।