Home আঞ্চলিক সৌন্দর্যের পেখম হারিয়েছে ময়ূর

সৌন্দর্যের পেখম হারিয়েছে ময়ূর

16

স্টাফ রিপোর্টার।।

খুলনার গল্লামারী সেতু অতিক্রমের সময় তীব্র দুর্গন্ধ নাকে লাগে। আশপাশে আবর্জনার স্তূপ না থাকায় দুর্গন্ধের উৎস খুঁজতে বেগ পেতে হয় নগরে আসা নতুন অতিথিদের। কিছু সময় পর সেতুর দু’পাশে কালো পানি দেখে তারা বুঝতে পারেন, আবর্জনা নয়- নদের পানিই দুর্গন্ধের উৎস।

কচুরিপানায় ভরা, কুচকুচে কালো পানির এই মরা খালই খুলনার ময়ূর নদ। এক সময়কার খরস্রোতা ময়ূর নদটি দখল-দূষণে সৌন্দর্যের পেখম হারিয়েছে অনেক আগেই। দীর্ঘদিনের দূষণে নদীর প্রাণ এখন যায় যায় অবস্থা। এ অবস্থা দূর করতে ময়ূর নদ রক্ষায় যত পরিকল্পনা করা হয়েছে, তা বাস্তবায়ন করতে হবে। তবে সংশ্নিষ্টরা বলছেন, সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় ধীরগতির কারণে পরিকল্পনা বাস্তবায়ন হচ্ছে না।

ময়ূর নদকে দূষণমুক্ত করতে আলোচনা চলছে দুই দশক ধরে। নেওয়া হয়েছে নানা পরিকল্পনা। নদে বর্জ্য ফেলানো বন্ধ, প্রাকৃতিক জোয়ার-ভাটা চালু করা, সম্পূর্ণ নদ নতুন করে খনন করা, নদ দখলমুক্ত করে দু’পাশে পাড় বাঁধাইয়ের জন্য নেওয়া হয়েছে বিভিন্ন প্রকল্প। কিন্তু দখলমুক্ত ছাড়া অন্য কোনো পরিকল্পনাই বাস্তবায়ন হয়নি। যার কারণে নদীও প্রাণ ফিরে পায়নি। ভরাট হয়ে যাওয়া নদটি বর্ষা মৌসুমে খুলনা মহানগরীতে জলাবদ্ধতার অন্যতম কারণ হয়ে দাঁড়ায়।

প্রকল্প অনুমোদন পেলেও কাজ হচ্ছে না:

খুলনা শহরের জলাবদ্ধতা দূর করতে ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন প্রকল্পের আওতায় ময়ূর নদ ফের খননের পরিকল্পনা নেওয়া হয়। এ ছাড়া প্রকল্পের আওতায় নদের ভেতর বাঁধ অপসারণ করে তিনটি ঝুলন্ত সেতু নির্মাণ, পানি নিস্কাশনের জন্য স্লুইসগেট নির্মাণ করা হবে। প্রায় ৮২৩ কোটি টাকা ব্যয়ে এই প্রকল্প একনেকে অনুমোদন পায় ২০১৮ সালের ১৮ সেপ্টেম্বর। প্রায় সাড়ে তিন বছর অতিবাহিত হলেও কোনো কাজই শুরু হয়নি। শুস্ক মৌসুম শেষ হতে চললেও নদী খননের দরপত্র এখনও আহ্বান করা হয়নি।

বর্জ্য ব্যবস্থাপনা উন্নয়নে ৩৯৩ কোটি টাকার প্রকল্প অনুমোদন হয়েছে ২০২০ সালের ১৭ নভেম্বর। এই প্রকল্পের আওতায় সারাবছর নদ খননের জন্য ভাসমান এক্সক্যাভেটর, কচুরি অপসারণের জন্য যন্ত্র, খালের মুখে পরিশোধন নেটসহ বিভিন্ন যন্ত্র কেনার কথা রয়েছে। দেড় বছর পার হলেও এর কোনোটিই হয়নি।

পরিকল্পনা বাস্তবায়ন নেই কেন:

বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম কমিটির সভাপতি শেখ আশরাফ উজ জামান বলেন, সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় ধীরগতির কারণে ময়ূর নদ রক্ষার পরিকল্পনার বাস্তবায়ন হচ্ছে না। তাই সময় গেলেও কাজ শুরু হয় না।

কেসিসির বর্জ্য ব্যবস্থাপনার উন্নয়ন প্রকল্পের পরিচালক মো. আবদুল আজিজ বলেন, সারাবছর ধরে ময়ূর নদের বর্জ্য পরিস্কারের জন্য আধুনিক যন্ত্র এবং সারাবছর নদ খনেনর জন্য যন্ত্র কেনা হবে। এতে নদে দূষণ কমে যাবে। কবে নাগাদ এগুলো কেনা হবে- জানতে চাইলে তিনি বলেন, মেয়র যখন বলবেন তখন হবে।

সিটি মেয়র তালুকদার আবদুল খালেক বলেন, খননের আগে পানি উন্নয়ন বোর্ডসহ অভিজ্ঞ সবার সঙ্গে পরামর্শ করে নদ খননের পরিকল্পনা করা হচ্ছে। চলতি মাসের মধ্যেই দরপত্র আহ্বান করা হবে। অন্যান্য যন্ত্রপাতি কেনা ও সেতুর কাজও এ বছর শুরু হবে।-সমকাল