Home আঞ্চলিক সুন্দরবনে পর্যটনে রাজস্ব দ্বিগুণ, ট্যুর অপারেটরদের বিস্তর অভিযোগ

সুন্দরবনে পর্যটনে রাজস্ব দ্বিগুণ, ট্যুর অপারেটরদের বিস্তর অভিযোগ

11

স্টাফ রিপোর্টার।।

সুন্দরবনে পর্যটন মৌসুমের মাঝপথে বন বিভাগ রাজস্ব প্রায় দ্বিগুণ বাড়িয়ে দেওয়ায় প্রতিবাদ জানিয়েছে ট্যুর অপারেটর অ্যাসোসিয়েশন অব সুন্দরবন (টোয়াস)।

তারা বলছেন, এতে পর্যটন শিল্পের বিকাশ বাধাগ্রস্ত এবং ট্যুর অপারেটররা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হবেন।

রোববার বেলা সাড়ে ১১টায় খুলনা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে ‘অযৌক্তিকভাবে’ রাজস্ব বৃদ্ধির প্রতিবাদ জানানো হয়। এতে লিখিত বক্তব্য পড়ে শোনান সংগঠনের সাধারণ সম্পাদক এম নাজমুল আজম ডেভিড।

সংবাদ সম্মেলনে বলা হয়, বন বিভাগ হঠাৎ করে চলতি পর্যটন মৌসুমের মাঝপথে গত ২০ ফেব্রুয়ারি বিভিন্ন খাতে রাজস্ব বৃদ্ধি করে প্রজ্ঞাপন জারি এবং ওই দিন থেকেই তা কার্যকর করেছে। এই রাজস্ব বৃদ্ধি পূর্বের তুলনায় দ্বিগুন বা কোনো কোনো ক্ষেত্রে দ্বিগুণেরও বেশি করা হয়েছে। শুধু তাই নয় এতে আবার নতুন নতুন খাতেরও সংযোজন করা হয়েছে; যা এই শিল্প বিকাশকে ব্যাহত করবে।

নাজমুল আজম বলেন, ‘বিগত দিনে বন বিভাগ রাজস্ব বৃদ্ধির আগে ট্যুর অপারেটরদের সঙ্গে মতবিনিময় করতো। কিন্তু এবার তা করা হয়নি। বর্ধিত হারে রাজস্ব পরিশোধ করতে গিয়ে প্রতিটি ট্যুর অপারেটর আর্থিকভাবে চরম ক্ষতির সম্মুখীন হচ্ছে। বিষয়টি সংগঠনের পক্ষ থেকে বন বিভাগের উর্ধ্বতন কর্মকর্তাদের লিখিতভাবে জানানো হয়েছে।’

সংবাদ সম্মেলনে ট্যুর অপারেটররা বলেন, করোনা পরিস্থিতির কারণে ট্যুর অপারেটররা গত ২ বছর ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছেন। এ বছর পর্যটন মৌসুম শুরু হওয়ার কিছুদিন পর হঠাৎ করে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি এবং বাজার দর ঊর্ধ্বমুখী হওয়ায় আবারও তারা ক্ষতির সম্মুখীন হয়েছে। তার ওপর এখন বন বিভাগ রাজস্ব বৃদ্ধি করায় তারা বিপাকে পড়েছেন।

তারা বলেন, ট্যুর অপারেটররা মৌসুমের শুরুতেই বন বিভাগের রাজস্বসহ সব কিছুর সঙ্গে সঙ্গতি রেখে ট্যুর প্যাকেজের মূল্য নির্ধারণ করেন। কিন্তু বন বিভাগ হঠাৎ করে রাজস্ব বৃদ্ধি করলেও তাদের এই প্যাকেজ মূল্য বৃদ্ধি করা সম্ভব নয়।

সংবাদ সম্মেলনে বলা হয়, বিভিন্ন সময় পর্যটকরা বনের অভ্যন্তরে যে স্পটগুলোতে যায়, তার ধারণ ক্ষমতা নিয়ে কথা উঠেছে। এক্ষেত্রে সুন্দরবনের স্টেক হোল্ডারদের নিয়ে সবার মতামতের ভিত্তিতে তা করা শ্রেয় হবে। সাধারণভাবে সুন্দরবনের কয়েকটি স্থানে পর্যটকদের পদচারণা তুলনামূলকভাবে বেশি থাকে। স্থানগুলো হচ্ছে করমজল, হাড়বাড়িয়া, কটকা, কচিখালি, দুবলা ও হিরণপয়েন্ট। এর মধ্যে দুবলা ও হিরণ পয়েন্ট অল্প সময়ের জন্য যাওয়া যায়। সুন্দরবনের এ সকল স্থানগুলোর আয়তন সর্বসাকুল্যে ৫ থেকে ১০ বর্গ কিলোমিটারের মধ্যে সীমাবদ্ধ। অথচ সুন্দরবনের বাংলাদেশ অংশের আয়তন প্রায় ৬ হাজার ১৭ বর্গ কিলোমিটার।

বন বিভাগ ২০১৮ সালে প্রাণিকূলের প্রজনন মৌসুম জুন, জুলাই ও আগস্ট মাসে সুন্দরবনে প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছিলো। তা প্রত্যাহারের দাবিতে ওই বছরের ২২ সেপ্টেম্বর সংবাদ সম্মেলন করা হয়েছিল। তার কোনো সুরাহা আজও হয়নি। সুন্দরবনে সারা বছর ধরে পর্যটক আসলেও ওই সময় সীমিত আকারে গুটিকয়েক পর্যটকবাহী নৌযান চলাচল করে থাকে। কিন্তু সুন্দরবনের নদীগুলোতে ওই সময় পর্যটকবাহী নৌযান বাদে সকল ধরনের নৌযান চলাচল করে।

তাই ট্যুর অপারেটরদের দাবি, এই নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হোক।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি মো. মঈনুল ইসলাম জমাদ্দার, নজরুল ইসলাম বাচ্চু, আবুল ফয়সাল সায়েম, মাহবুবুল ইসলাম বুলু, মাজহারুল ইসলাম কচি, পিপুল, সুমন প্রমুখ। 

এ ব্যাপারে খুলনা সার্কেলের বন সংরক্ষক মিহির কুমার দো  বলেন, পর্যটন খাতের এই রাজস্ব ১০ বছর আগে নির্ধারণ করা হয়েছিল। বর্তমান অবস্থা বিবেচনায় বন অধিদপ্তর রাজস্ব বৃদ্ধি করেছে। ট্যুর অপারেটররা তাদের দাবি জানাতেই পারে।