Home আঞ্চলিক খুবিতে পরিবেশ-জলবায়ু বিষয়ক আন্তর্জাতিক সম্মেলন শুরু শনিবার

খুবিতে পরিবেশ-জলবায়ু বিষয়ক আন্তর্জাতিক সম্মেলন শুরু শনিবার

7

স্টাফ রিপোর্টার ।।

খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) পরিবেশ বিজ্ঞান ডিসিপ্লিনের উদ্যোগে ‘পরিবেশ, জলবায়ু পরিবর্তন ও বাস্তুসংস্থান পুনরুদ্ধার’ শীর্ষক দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন শুরু হচ্ছে শনিবার। এই সম্মেলনে ছয়টি কি-নোট পেপার এবং ১২৫টি গবেষণা নিবন্ধ উপস্থাপিত হবে।

খুবির পরিবেশ বিজ্ঞান ডিসিপ্লিন প্রধান অধ্যাপক ড. আব্দুল্লাহ হারুন চৌধুরী জানান, ১৯৯৬-৯৭ শিক্ষাবর্ষ থেকে দেশে স্নাতক পর্যায়ে পরিবেশ বিজ্ঞান বিষয়ক শিক্ষা কার্যক্রম প্রথম শুরু হয় খুলনা বিশ্ববিদ্যালয়ে। এ বছর এই ডিসিপ্লিনের ২৫ বছর পূর্তি তথা রজতজয়ন্তী। এটিকে সামনে রেখে এই সম্মেলনের আয়োজন করা হয়েছে।

শনিবার সকাল ৯টায় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মন্ত্রী মো. শাহাব উদ্দিন প্রধান অতিথি এবং একই মন্ত্রণালয়ের উপমন্ত্রী হাবিবুন নাহার বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মাহমুদ হোসেন এই সম্মেলনে চিফ প্যাট্রন হিসেবে উপস্থিত থাকবেন এবং তিনিও একটি পেপার উপস্থাপন করবেন।

ড. আব্দুল্লাহ হারুন চৌধুরী জানান, দেশের খ্যাতনামা পরিবেশবিদ অধ্যাপক ড. আইনুন নিশাত এবং ড. আলী রেজা খান ছাড়াও ভারত, নেপাল, সংযুক্ত আরব আমিরাত, সুইডেনসহ দেশি-বিদেশি বিশেষজ্ঞ, বিজ্ঞানী সশরীরে এবং ভার্চুয়ালি এই সম্মেলনে অংশগ্রহণ করবেন। এবার এই সম্মেলনে ৬০ জন তরুণ গবেষকের গবেষণা নিবন্ধও উপস্থাপিত হবে। সম্মেলনে এই গবেষণা নিবন্ধ ছাড়াও পোস্টার প্রদর্শনী, স্টলে বিভিন্ন কার্যক্রম প্রদর্শন ও পুরস্কারের ব্যবস্থা থাকছে। জলবায়ু পরিবর্তনজনিত কারণে সবচেয়ে ক্ষতিগ্রস্ত দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অবস্থা উঠে আসবে এ সম্মেলনে এবং এ বিশ্ববিদ্যালয়ের গবেষক-বিজ্ঞানীরা নতুন নতুন দিকনির্দেশনা পাবেন বলে তিনি আশা প্রকাশ করেন।

সম্মেলনের সমাপনী দিনে প্রধান অতিথি হিসেবে থাকবেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপমন্ত্রী হাবিবুন নাহার। অংশগ্রহণকারী বিজ্ঞানীরা এ দিন দুপুরে জলবায়ু পরিবর্তনজনিত কারণে দেশের সবচেয়ে ক্ষতিগ্রস্ত দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সুন্দরবন এবং উপকূলীয় জয়মনি এলাকা পরিদর্শন করবেন। এই সম্মেলন শেষে একটি সুপারিশমালা তৈরি করা হবে।

দৈনিক সমকাল ও চ্যানেল টোয়েন্টি ফোর এ সম্মেলনের মিডিয়া পার্টনার।