ইলিয়াস হোসেন, তালা(সাতক্ষীরা)।।
ফাগুনের ঝরা পাতার সঙ্গে বইয়ের পাতার যেন এক অন্যরকম সম্পর্ক। ভাষা-সাহিত্যের প্রাণ যে বই, তার সঙ্গে জনসংযোগই বইয়ের মেলা। এ মেলার সঙ্গেই মিশে আছে বাঙালির একুশের চেতনা। তাই ধীরে ধীরে ঐতিহ্যের ডানা বেয়ে বইমেলা আমাদের জাতীয় অনুষ্ঠানে রূপ নিয়েছে। সারাদেশে বইমেলা অতোটা জনপ্রিয় হয়ে না উঠলেও সাতক্ষীরা তালায় উপজেলা প্রসাশনের উদ্যোগে শুরু হতে যাচ্ছে তিনদিন ব্যাপী একুশে বইমেলা। ইতোমধ্যে বইমেলাটির স্টল সাজানো, সাজসজ্জাসহ নিরাপত্তার সার্বিক ব্যবস্থা গ্রহন করেছে উপজেলা প্রশাসন।
স্বাস্থ্যবিধি মেনে কাল ১৯ ফেব্রুয়ারি শনিবার থেকে শুরু হয়ে মেলাটি আগামী ২১ শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের দিন বিকেল পর্যন্ত চলবে বলে উপজেলা প্রশাসন থেকে নিশ্চিত করা হয়েছে।
তালা উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে বইমেলার অনুষ্ঠিত হবে। প্রতিদিন দুপুর দুইটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত এ বইমেলা দর্শনার্থী, পাঠক এবং জনসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে। এসময় তারা বই কেনাকাটাসহ ঘোরাঘুরি করতে পারবে।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রশান্ত কুমার বিশ্বাস জানান, বাংলা ভাষা ও সাহিত্য নিয়ে শিক্ষার্থীদের মাঝে গবেষণা ও চর্চার বিষয় মাথায় রেখে আমরা স্বাস্থ্যবিধি মেনে বইমেলার আয়োজন করতে চলেছি। ইতোমধ্যে সকল প্রস্তুতি আমরা সম্পন্ন করেছি। তিনদিন ব্যাপী বইমেলায় ২০ টি স্টলসহ উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে লাইব্রেরিগুলো অংশ নিবে। এসময় তিনি সকল পাঠক, প্রকাশনী এবং দর্শনার্থীদের স্বাস্থ্যবিধি মেনে বইমেলায় আসার জন্য আহ্বান জানান।










































