মোঃ শামীম হোসেন- বাজুয়া (দাকোপ) ।।
খুলনার দাকোপ উপজেলায় গ্রামাঞ্চলে ধানের পরই ব্যাপক তরমুজ চাষে ব্যস্ত সময় পার করছে চাষীরা। এলাকা ঘুরে দেখা যায় তরমুজ চাষে পুরুষের পাশাপাশি নারীরাও থেমে নেই তারও পুরুষের সাথে তাল মিলিয়ে কাজ করে যাচ্ছে। দাকোপের কৃষক পরিবার ঘরে বসে নেই। নারী ও শিশুদের নিয়ে কাজে নেমে পরেছে। একটু যেন ফুরসুত নেই। এলাকা ঘুরে জানা যায় গত বছর তরমুজের বাম্পার ফলন হওয়ায় এ বছর কৃষকরা তরমুজ চাষে বেশী আগ্রহী হচ্ছে। কিন্তু সার, বীজ ও কীটনাশকের দাম বেশী থাকায় দিশেহারা কৃষক। দাকোপ কৃষি অফিস সূত্রে জানা গেছে, উপজেলার বাজুয়া, দাকোপ, কৈলাশগঞ্জ, লাউডোব, বানিশান্তা, পানখালী, তিলডাঙ্গা, কামারখোলা সহ ইউনিয়নে এ বছর ১ হাজার ৫ শত হেক্টর জমিতে তরমুজ চাষাবাদের লক্ষমাত্রা ধরা হয়েছে। গত বছরের তুলনায় এ বছর অনেক বেশী জমিতে তরমুজ চাষ হবে আশা করছেন উপজেলা কৃষি অফিসার মেহেদী হাসান বলেন গত বছর তরমুজের বাম্পার ফলন হওয়ায় এ বছর কৃষকরা বেশী তরমুজ চাষে ঝুঁকছেন। আমন ধান কাটা শেষ হতে না হতেই তরমুজ চাষিরা জমি চাষাবাদ করে বীজ বপনে ব্যস্ত সময় পার করছেন। এদিকে এ বছর সার, বীজ ও কীটনাশকের দাম গত বছরের তুলনায় বেশী। দাম বেশী থাকায় কৃষকদের হিমশীম খেতে হচ্ছে। বাজার ঘুরে দেখা যায় ৫০ কেজির এক বস্তা টিএসপি সার এক হাজার ৩’শ থেকে এক হাজার ৫’শ টাকায় কিনতে হচ্ছে। বস্তা প্রতি ২০০ থেকে ৪০০ টাকা বেশী দামে সার কিনতে হচ্ছে কৃষকদের। সরকারী ভাবে ৫০ কেজির এক বস্তা টিএসপি সারের দাম এক হাজার ১’শ টাকা। কিন্তু তরমুজ চাষে কৃষকরা বেশী আগ্রহী হওয়ায় সুযোগে সার ব্যবসায়ীরা সেন্ডিকেট গড়ে তুলে বেশী দামে সার বিক্রি করছে এমন অভিযোগ কৃষকদের। অপর দিকে বাজারে এক কৌটা (১০০ গ্রাম) বিঘ ফ্যামিলি ৩০০০ টাকা, জাগুয়া ৩২০০ টাকা ও এশিয়ান বীজ ৩১০০ টাকায় বিক্রি হচ্ছে। গত বছর একই বীজের দাম ছিল ২৫০০-২৭০০ টাকা। দাকোপের সকল গ্রাম ঘুরে দেখা গেছে, কৃষকরা মাঠে কাজ করছে। মাঠের পর মাঠ চাষাবাদ করে তরমুজ বীজ বপনের জন্য গর্ত তৈরী করছে। এ কাজ করতে ঘরের নারী ও শিশুরাও বসে নেই। তারাও পুরুষের পাশাপাশি কাজ করছে।
খোঁজ নিয়ে জানা গেছে, চালনা সদর ও বাজুয়া ইউনিয়নের বিভিন্ন বাজারে বেশী দামে সার বিক্রি করছে সার ব্যবসয়ীরা।
বাজুয়ার তরমুজ চাষী সুপদ বলেন, এ বছর ১ একর জমিতে তরমুজ চাষ করছি। বীজ ও সারের দাম অনেক বেশী থাকায় গত বছরের তুলনায় এ বছর খরচ বেশী হবে। তিনি আরও বলেন, গত বছর এক কৌটা বিঘ ফ্যামিলি বীজ ক্রয় করেছি দুই হাজার ৭’শ টাকায় এ বছর ওই পরিমান বীজ কিনেছি ৩ হাজার টাকায়। গত বছর এক বস্তা টিএসটি সার কিনেছি ১১’শ টাকায় এ বছর ওই সার কিনতে হচ্ছে এক হাজার ৫’শ টাকায়। একই গ্রামের শ্রীকান্ত রায় বলেন, সার ও বীজের দাম অনেক বেশী। সার বীজ কিনতে হিমশীম খেতে হচ্ছে। দ্রুত সার ও বীজের দাম কমানোর দাবী জানান তিনি।কৈলাশগঞ্জ গ্রামের আজাদ খান বলেন, ২ একর জমিতে তরমুজ চাষ করছি। এখনো চাষাবাদ চলছে। তিনি আরো বলেন, গত বছর ১ একর জমিতে তরমুজ চাষ করেছিলাম। ওই বছর তরমুজের বাম্পার ফলন হওয়ায় এ বছর বেশী চাষ করছি। দাকোপ উপজেলা বিসিআইসি ডিলার সমিতির সভাপতি বলেন, সরকারী দামে সার বিক্রি করা হচ্ছে। তবে গ্রামাঞ্চলে বেশী দামে বিক্রি হতে পারে। এখানে আমাদের কিছুই করার নেই।দাকোপ উপজেলা কৃষি কর্মকর্তা মেহেদী হাসান আরো বলেন, গত বছর তরমুজের বাম্পার ফলন হওয়ায় এ বছর কৃষকরা বেশী তরমুজ চাষে ঝুঁকছেন। ইচ্ছা থাকা সত্ত্বেও তরমুজ চাষিদের কোন প্রনোদনা দিতে পারছি না। এরপরও এ বছর ৫ টি প্রদর্শনী করেছি। তিনি আরো বলেন, কোন ডিলার বেশী দামে সার বিক্রি করে থাকলে তদন্ত সাপেক্ষে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।











































