বিশেষ প্রতিনিধি।।
ঝিনাইদহের কালীগঞ্জের রঘুনাথপুর গ্রামের রবিউল ইসলামের কুলসহ গাছ কেটে সাবাড় করে দিয়েছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার দিবাগত রাতে উপজেলার রঘুনাথপুর গ্রামের রবিউল ইসলামের কুল বাগানে এ ঘটনা ঘটে। এতে বাগানের প্রায় অর্ধলাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে দাবি করছেন ক্ষতিগ্রস্ত কৃষক।
রবিউল এবারই প্রথম ২২ শতক জমিতে বল সুন্দরী কুলের চাষ করেছিলেন বলে জানান।
কৃষক রবিউল ইসলাম জানান, এক বছর আগে ২২ শতক জমিতে বল সুন্দরী জাতের কুলের চাষ করেছেন। গাছ লাগানো থেকে শুরু করে এ পর্যন্ত তার প্রায় এক লাখ টাকা খরচ হয়েছে। এ বছরই প্রথম প্রতিটি গাছেই কুল এসেছে। তবে এখনো বিক্রি শুরু হয়নি।। আশা ছিল গাছে যে পরিমাণ কুল আছে, তা লক্ষাধিক টাকা বিক্রি করতে পারবেন।
তিনি আরও জানান, বুধবার বিকালে এলাকার কয়েকজন যুবক কুল খেতে এসেছিল। কিন্তু কুল এখনো পরিপক্ব না হওয়ায় তাদের ফিরিয়ে দেওয়া হয়। এতে তারা বাজে মন্তব্য করে চলে যায়। এরপর বৃহস্পতিবার সকালে কুল বাগানে গিয়ে দেখা যায় আটটি গাছ গোড়া থেকে কেটে ফেলা হয়েছে। এছাড়া অনেক গাছের অপরিপক্ব কুল নষ্ট করেছে।
বাগান রক্ষক কুরবান আলী জানান, বুধবার বিকালে কয়েকজন কিশোর কুল খেতে এসেছিল। এ সময় তারা কিছু কুল দেওয়ার কথা বলে। কুল না পাকায় পরে আসতে বললে তারা গালাগালি করে চলে যায়।
স্থানীয় ৭নং ওয়ার্ডের মেম্বার ইদ্রিস আলী বলেন, আমরা অভিযুক্ত কিশোরদের বিকালে ডেকেছি। তাদের সঙ্গে কথা বলে বিষয়টির মীমাংসা করব।
১১নং রাখালগাছি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মহিদুল ইসলাম মন্টু বলেন, বিষয়টি আমি জেনেছি। অভিযুক্ত ও বাগান মালিকের সঙ্গে কথা বলে সমস্যার সমাধান করে দেব।











































