Home আঞ্চলিক ডাম্পার ট্রাক কেড়ে নিল ৪ মাদ্রাসা ছাত্রের প্রাণ: এলাকায় শোকের মাতম

ডাম্পার ট্রাক কেড়ে নিল ৪ মাদ্রাসা ছাত্রের প্রাণ: এলাকায় শোকের মাতম

7
আব্দুল্লাহ, সালাহউদ্দীন, আব্দুল গফুর ও সাকিব।


ফকিরহাট ও বাগেরহাট প্রতিনিধি।।


ইসলামিক বিষয়ে উচ্চশিক্ষা গ্রহন করা হলো না মাদ্রসা ছাত্র হাফেজ আব্দুল্লাহর। শুধু আব্দুল্লাহ নয় একই সাথে স্বপ্নপূরণ হলো না আ. গফুর, সালাউদ্দিন ও হাফেজ সাকিব হাসানের। বাগেরহাটের ফকিরহাটের টাউন নওয়াপাড়ার আলফা এগ্রো এক্রোসরীজরত সামনে শনিবার গভীর রাতে ডাম্পার ট্রাক-সিএনজি যানবাহনের মুখোমুখি সংঘর্ষে তারা নিহত হয়েছেন। এসময় সিএনজিতে থাকা আরও একজন গুরুত্বর আহত হয়েছেন। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার রাত সাড়ে বারোটার দিকে খুলনা থেকে চুলকাটিগামী একটি সিএনজিতে করে ৫জন মাদ্রসা ছাত্র চুলকাটি এলাকার দিকে আসছিল। এসময় তারা টাউন নওয়াপাড়ার আলফা এগ্রো এক্রোসরীজ এর সামনে পৌঁছালে মোংলা হতে খুলনাগামী বেপরোয়া গতীতে আসা একটি ডাম্পার ট্রাক সিএনজিটিকে রং সাইডে গিয়ে মেরে দিলে সিএনজিটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনা স্থানেই তার মধ্যে থাকা ৩ ছাত্র নিহত হন। খবর পেয়ে কাটাখালী হাইওয়ে থানা পুলিশ আহতদের মুমুর্ষ অবস্থায় উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। পরে রবিবার সকালে গুরুত্বর আহত হাফেজ সাকিবের অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয়। পথে মাওয়া ফেরীঘাটে দুপুর বারোটার দিকে তিনি মৃত্যু বরণ করেন।


নিহতরা হলেন, বাগেরহাট সদর উপজেলার রনজিৎপুর গ্রামের হোসেন আলীর ছেলে হাফেজ আব্দুল্লাহ (২৫), একই জেলার রামপাল উপজেলার ঝনঝনিয়া গ্রামের ফেরদাউসের ছেলে আঃ গফুর (১৪), ফকিরহাট উপজেলার পিলজংগ গ্রামের আবু-বক্কর শেখের ছেলে হাফেজ সাকিব হাসান (১৭) ও সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার মালেখা গ্রামের আশরাফের ছেলে সালাউদ্দিন (১৭)। এছাড়া আহত ব্যক্তি হলেন রামপালের বগুড়া গ্রামের টুটুল শেখের ছেলে হুসাইন (১৭)। তিনি বর্তমানে খুমেক হসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। নিহত ও আহত সকলেই বাগেরহাট সদর উপজেলার হাকিমপুরে অবস্থিত আল জামিয়াতুল ইসলামিয়া হাকিমপুর মুহাঃ আলী শাহ্ দারুস সুন্নাহ্ মাদ্রাসার ছাত্র। তারা শনিবার সন্ধ্যায় খুলনা আলীয়া মাদ্রসায় একটি ইসলামিক অনুষ্ঠান থেকে মাদ্রাসায় ফেরার পথে এই মর্মান্তিক সড়ক দূর্ঘটনার কবলে পড়েন বলে জানান মাদ্রাসাটির মোহাতামিম মাওঃ আলহাজ্ব আঃ মাবুদ।


তিনি বলেন, ‘বেশ কয়েকজন শিক্ষার্থী খুলনার আলিয়া কামিল মাদরাসায় আন্তর্জাতিক কিরাত সম্মেলনে অংশগ্রহণ শেষে মাহেন্দ্রাতে করে মাদরাসায় ফিরছিলেন। পথে কাটাখালী মুনস্টার জুটমিলের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক ওই মাহেন্দ্রাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তিন শিক্ষার্থী মৃত্যুবরণ করেন। এসময় গুরুতর আহত হন সাকিবসহ চারজন। এ অবস্থায় তাদের প্রথমে উদ্ধার করে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে ঢাকায় নেওয়ার পথে মারা যান সাকিব।’ কাটাখালী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহম্মাদ আলী খুলনাঞ্চলকে বলেন, ‘হাইওয়ে থানা পুলিশ দূর্ঘটনার খবর পেয়ে আহতদের উদ্ধার করে খুমেক হাসপাতালে প্রেরণ করেন। এবং নিহতদের লাশ গুলো উদ্ধার করে তাদের পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। এখনো ঘাতক ট্রাক বা তার চালককে আটক করা সম্ভব হয়নী, তবে আটকের জন্য জোর চেষ্টা চলছে।’ জানাজায় অংশ নেওয়া বাগেরহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ মুছাব্বিরুল ইসলাম বলেন, ‘দুর্ঘটনায় শিক্ষার্থী নিহত হওয়ার ঘটনায় আমরা সকালেই মাদরাসায় গিয়েছি। স্থানীয় ইউপি চেয়ারম্যানকে দাফন-কাফনে প্রাথমিক সহায়তার জন্য নির্দেশ দেওয়া হয়। পাশাপাশি মাদরাসা কর্তৃপক্ষকে যে কোনো প্রয়োজনে আমাদের সঙ্গে যোগাযোগ করতে অনুরোধ করেছি। আহতদের চিকিৎসা নিশ্চিত এবং পরিবারের যে কোনো প্রয়োজনে সহযোগিতারও আশ্বাস দেওয়া হয়েছে।’ একদিকে চার মাদ্রাসা ছাত্রের অকাল মৃত্যুতে সমগ্র এলাকা জুড়ে শোকের ছায়া নেমে এসেছে, গোটা এলাকায় বয়ছে সন্তান হারা বাবা-মার আর্তনাদ, সহপাঠি হারানোর বেদনা শিক্ষক সমাজে বয়ছে ছাত্র হারানোর বেদনা। এই ছাত্রদের অকাল মৃত্যুর ঘটনায় হাকিমপুর মাদ্রাসার দুইটি বিভাগ, হাকিমপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়, হাকিমপুর সামসুল হুদা মাধ্যমিক বিদ্যালয়সহ সবকয়টি শিক্ষা প্রতিষ্ঠানে একদিনের জন্য পাঠদান বন্ধ করে শোক পালন করছেন শিক্ষক-শিক্ষার্থীরা। এদিকে নিহত তিন ছাত্রের জানাযা নামাজ সকাল ১০টায় মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হয়েছে। জানাযার নামাজে উপস্থিত ছিলেন, বাগেরহাট সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ মুছাব্বেরুল ইসলামসহ বিভিন্ন স্তরের জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক, ছাত্রসমাজ ও বিভিন্ন মহলের প্রায় কয়েক হাজার মানুষ। পরে দুপুরে নিহত ছাত্রদের নিজ নিজ গ্রামের বাড়িতে পারিবারিক কবর স্থানে দাফন সম্পন্ন হয়েছে।


এমপি তন্ময় সমবেদনা জানাতে হাকিমপুর মাদ্রাসায়: আমাদের ফকিরহাট প্রতিনিধি পিকে অলোক জানান, বাগেরহাট-০২ আসনের সংসদ সদস্য জননেতা শেখ সারহান নাসের তন্ময় এর বাগেরহাটের আল-জামিয়াতুল ইসলামীয়া হাকিমপুর মুহাঃ আলী শাহ্ দারুস সুন্নাহ মাদরাসায় আকষিক পরিদর্শন করেন। রবিবার সন্ধ্যা সাড়ে ৭টায় তিনি মাদ্রাসায় আসেন, এবং ফকিরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত উক্ত মাদ্রাসার ৪ছাত্রের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। এ সময় তিনি মাদ্রাসার মোহাতামীম আলহাজ্ব আব্দুল মাবুদ সহ সকল শিক্ষক ও সহপাঠিদের সাথে মতবিনিময় করেন। এ সময় এমপির সাথে আরো উপস্থিত ছিলেন, বাগেরহাট সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান সরদার নাসির উদ্দিন, বাগেরহাট-০১ আসনের মাননীয় সংসদ সদস্য জননেতা শেখ হেলাল উদ্দীন এর একান্ত সহকারী মোঃ ফিরোজুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক দিপাংকর কুমার দাশ, উপজেলা যুবলীগের যুগ্ন-আহবায়ক কাজি জাহিদ সরোয়ার টিটু, খানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফকির ফহম উদ্দিন, চুলকাটি প্রেসক্লাবের সভাপতি পি কে অলোক, সাধারন সম্পাদক শেখ আনিছুর রহমান, তথ্য ও আইসিটি বিষয়ক সম্পাদক আসাদুজ্জামান সোবহান সহ বিপুল সংখ্যাক নেতাকর্মি। এসময় তিনি মাদ্রাসার শিক্ষক গভনিং বডি ও সহপাঠিদের সাথে মতবিনিময় ও সমবেদনা জ্ঞাপন করেন।