Home আঞ্চলিক সাতক্ষীরার তালায় ইট ভাটায় পোড়ানো হচ্ছে কাঠ

সাতক্ষীরার তালায় ইট ভাটায় পোড়ানো হচ্ছে কাঠ

33

ইলিয়াস হোসেন, তালা (সাতক্ষীরা)।।

সাতক্ষীরার তালা উপজেলার ১টি ইট ভাটায় পোড়ানো হচ্ছে অবৈধ কাঠ। রবিবার উপজেলার খেশরা ইউনিয়নের শাহজাতপুর গ্রামে অবস্থিত এসএমএম ব্রিকসে এমন দৃশ্য দেখা গেছে।

সরেজমিনে দেখাযায়, উপজেলার সীমান্তবর্তী এলাকার কপোতাক্ষ নদের তীরে ঘেষে দুই তিন বছর আগে স্থাপন করা হয় ভাটাটি। ভাটায় প্রতিবছর জানুয়ারী থেকে মে মাস পর্যন্ত ইট তৈরী করা হয়। এখানে প্রায় ২শ জন শ্রমিক কাজ করেন। বছরে প্রায় ৩০ থেকে ৪০ লক্ষ ইট উৎপাদন করা হয় ভাটায়।

ইট ভাটাটিতে আধুনিক পরিবেশবান্ধব জিগজ্যাগ চিমনি ব্যবহার করা হয়নি। সনাতন পদ্ধতির ড্রাম চিমনি দিয়ে ইট পোড়ানো হয়। ড্রাম চিমনি দিয়ে ইট পোড়াতে কাঠের প্রয়োজন। তাই জ্বালানি হিসেবে কাঠ ব্যবহার করায় ইট পোড়ানোর মৌসুমে প্রচুর বিষাক্ত ধোঁয়া বের হয়। এতে আশপাশের জমিতে ধানের আবাদ এলাকার ফলদ গাছপালার উৎপাদনে ব্যাপক ক্ষতি হচ্ছে।

স্থানীয় কৃষকরা বলেন, তাঁরা সারা বছর মাঠের ফসলের আবাদের ওপর নির্ভরশীল। কিন্তু তাঁদের গ্রামে এই ইট ভাটাটি স্থাপনের পর থেকে তাঁদের ফসল উৎপাদন কমে গেছে। ফলদ গাছেও ফল কম ধরে।

ইট প্রস্তুত ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন-২০১৩ অনুযায়ী বিনা লাইসেন্সে কেউ ইট তৈরি করতে পারবেন না। কোনো ব্যক্তি ইটভাটায় ইট পোড়ানোর কাজে জ্বালানি হিসেবে কাঠ ব্যবহার করতে পারবেন না। করলে তিনি অনধিক তিন বছরের কারাদণ্ড বা তিন লাখ টাকা অর্থদণ্ড অথবা উভয় দণ্ডে দণ্ডিত হবেন। তবে এসব আইন মানার সময় নেই তাদের।

ভাটায় গিয়ে মালিক মিনারুল ইসলাম সানাকে না পাওয়াই মুঠোফোন নম্বর ০১৭১৫-৬৮৪০৩১ কল দিলে তিনি রিসিভ করেনি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রশান্ত কুমার বিশ্বাস বলেন, কোন ভাটায় কাঠ পোড়ানো সরকারী আদেশ অমান্য করার সামীল। যদি কোন ভাটায় কাঠ পোড়ানো হয় তবে তদন্ত পূর্বক আবশ্যই আইনের আওতায় আনা হবে।