Home আলোচিত সংবাদ নারায়ণগঞ্জে পার্কে বন্দুক হাতে দুই তরুণ আটক

নারায়ণগঞ্জে পার্কে বন্দুক হাতে দুই তরুণ আটক

3

ঢাকা অফিস।।

নারায়ণগঞ্জের সিটি নগর পার্ক এলাকায় ‘বন্দুক’ হাতে দুই তরুণের ঘুরে বেড়ানোর ভিডিও ভাইরাল হওয়ার পর তাঁদের আটক করেছে পুলিশ।

শুক্রবার (২৮ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে বন্দর উপজেলার বন্দর বাজার এলাকা থেকে তাঁদের আটক করা হয়। দুই তরুণের কাছ থেকে দুটি বন্দুকও উদ্ধার করা হয়েছে। আটক দুই তরুণ হলেন লিমন তোহা (২২) ও ইয়াসিন মোল্লা (২৩)।

তাঁদের বাড়ি বন্দর বাজার এলাকায়। লিমন তোহা ওই এলাকার মো. শাহীন আহমেদের ছেলে। ইয়াসিন মোল্লার বাবার নাম স্বপন মোল্লা। যে এলাকায় ভিডিওটি ধারণ করা হয়েছে, সেটি নারায়ণগঞ্জ সদর মডেল থানার আওতাধীন। নারায়ণগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যাওয়া বন্দুক দুটি খেলনা। ওই দুটি খেলনা বন্দুক উদ্ধার করা হয়েছে। দুই তরুণকেও আটক করা হয়েছে। তাঁদের বিষয়টি যাচাই-বাছাই করা হচ্ছে।

পুলিশের এই কর্মকর্তা বলেন, খেলনা বন্দুক দিয়ে ওই ভিডিও তৈরি করা হয়েছিল বলে প্রাথমিকভাবে জানিয়েছেন আটক দুই তরুণ। উদ্দেশ্য ছিল টিকটকের ভিডিও বানানো। তারেক আল মেহেদী আরও বলেন, লিমন ২০২৪ সালে এইচএসসি পাস করে আর লেখাপড়া করেননি।

তিনি সাত বছর ধরে টিকটক করেন। ইয়াসিন ২০২২ সালে এসএসসি পাস করে আর লেখাপড়া করেননি। তিনি দুই বছর ধরে টিকটক করেন। তাদের বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।