Home খেলাধুলা ইমরান ইস্যুতে পাকিস্তানের হুমকি, ম্যাচ বাঁচাতে ব্রিটিশ সরকারের সহায়তা চেয়েছিল ইসিবি

ইমরান ইস্যুতে পাকিস্তানের হুমকি, ম্যাচ বাঁচাতে ব্রিটিশ সরকারের সহায়তা চেয়েছিল ইসিবি

0

স্পোর্টস ডেস্ক।।

কারাবন্দী সাবেক পাকিস্তান অধিনায়ক ইমরান খানের দুই ছেলে সুলেইমান ও কাসিম খানের সাক্ষাৎকার ঘিরে বিতর্কে নতুন মাত্রা যোগ হয়েছে।

লর্ডসে ইংল্যান্ড ও পাকিস্তানের মধ্যকার দ্বিতীয় টেস্টের প্রথম দিন স্কাই স্পোর্টসে ওই সাক্ষাৎকার প্রচারের পর পাকিস্তান মাঠে না নামার হুমকি দিয়েছিল বলে খবর প্রকাশের পর পরিস্থিতি সামাল দিতে ব্রিটিশ সরকারের সহায়তা চেয়েছিল ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)।

ডেইলি মেইলের এক প্রতিবেদনে বলা হয়েছে, ইসিবির প্রধান নির্বাহী রিচার্ড গোল্ড ম্যাচে কোনো ধরনের বিঘ্ন এড়াতে যুক্তরাজ্য সরকারের সঙ্গে যোগাযোগ করেন। ম্যাচটি নির্ধারিত সময়ে পুনরায় শুরু নিশ্চিত করতে তিনি ব্রিটিশ পররাষ্ট্র দপ্তরের কর্মকর্তাদের সহায়তা চেয়েছিলেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

ঘটনার সূত্রপাত লর্ডসে ইংল্যান্ড ও পাকিস্তানের মধ্যকার তিন ম্যাচের সিরিজের দ্বিতীয় টেস্টের প্রথম দিন। লাঞ্চ বিরতিতে সাবেক ইংলিশ অধিনায়ক মাইকেল আথারটনের নেওয়া ইমরানের দুই ছেলে সুলেইমান ও কাসিমের সাক্ষাৎকার প্রচার করে স্কাই স্পোর্টস।

প্রতিবেদন অনুযায়ী, সাক্ষাৎকারটি প্রচার করা হলে লাঞ্চের পর মাঠে না নামার হুমকি দিয়েছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। তবে স্কাই স্পোর্টস শেষ পর্যন্ত সাক্ষাৎকারটি প্রচার করে এবং এরপরও দ্বিতীয় সেশন নির্ধারিত সময়েই শুরু হয়।

ফলে ম্যাচে কোনো ধরনের বড় ধরনের বিঘ্ন ঘটেনি।
লর্ডসে বর্তমানে তিন ম্যাচের সিরিজের দ্বিতীয় টেস্ট চলছে। সিরিজের প্রথম ম্যাচে লিডসে ইনিংস ও ১০৩ রানের বড় ব্যবধানে হেরেছিল পাকিস্তান।

ইমরান খানের কারাবাস ও তার শারীরিক অবস্থা নিয়েও সম্প্রতি আন্তর্জাতিক ক্রিকেট অঙ্গনে উদ্বেগ বেড়েছে। বিশ্বকাপজয়ী এই সাবেক অধিনায়কের পরিস্থিতি নিয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফকে বিশ্বের বিভিন্ন দেশের সাবেক ও বর্তমান অধিনায়কদের পক্ষ থেকে এখন পর্যন্ত দুটি চিঠি দেওয়া হয়েছে।

প্রথম চিঠিটি চলতি বছরের ফেব্রুয়ারিতে পাঠানো হলেও তাতে প্রত্যাশিত পরিবর্তন আসেনি। চলতি সপ্তাহে দ্বিতীয় চিঠিটি পাঠানো হয়। এর আগে সংক্ষিপ্ত মেডিকেল পরীক্ষা শেষে ইমরানকে আবার আদিয়ালা কারাগারে ফিরিয়ে নেওয়া হয়েছিল।

স্কাই স্পোর্টসে প্রচারিত সাক্ষাৎকারে সুলেইমান ও কাসিম তাদের বাবার কারাগারের পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন। এমনকি কারাগারে ইমরানের জীবন নিয়েও গুরুতর আশঙ্কা রয়েছে বলে দাবি করেন তারা।

সাক্ষাৎকারে কাসিম বলেন, ‘তারা কী করছে, সেটি খুব একটা পরিষ্কার নয়। তারা তাকে সেখানে সরাসরি মেরে ফেলার চেষ্টা করছে। যতটা সম্ভব তাকে আটকে রাখা এবং নীরব করে দেওয়াই তাদের উদ্দেশ্য।’

২০১৮ থেকে ২০২২ সাল পর্যন্ত পাকিস্তানের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন ইমরান। ক্ষমতাচ্যুত হওয়ার পর একাধিক মামলায় কারাবন্দী রয়েছেন তিনি। এর মধ্যে দুর্নীতির কয়েকটি মামলায় তার ১০, ১৪ ও ১৭ বছরের কারাদণ্ড হয়েছে।

এ ছাড়া ২০২৪ সালের নির্বাচনের আগে নিজের বর্তমান স্ত্রীকে বিয়ের সময়সংক্রান্ত একটি মামলায় ইমরানকে সাত বছরের কারাদণ্ড দেওয়া হয়।

ইমরানের ছেলেদের সাক্ষাৎকার ঘিরে পিসিবির আপত্তি এবং ম্যাচ বয়কটের সম্ভাবনা শেষ পর্যন্ত মাঠের খেলায় বড় কোনো প্রভাব না ফেললেও ঘটনাটি ইংল্যান্ড-পাকিস্তান সিরিজের বাইরেও ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।