Home আঞ্চলিক বিএনপি কার্যালয়ে হামলার ঘটনায় মামলা: প্রতিবাদে সমাবেশের ডাকে যুবদল নেতার বাড়িতে ককটেল...

বিএনপি কার্যালয়ে হামলার ঘটনায় মামলা: প্রতিবাদে সমাবেশের ডাকে যুবদল নেতার বাড়িতে ককটেল বিস্ফোরণ

186


স্টাফ রিপোর্টার।।


খুলনা মহানগরীর ২১ নম্বর ওয়ার্ড বিএনপি কার্যালয়ে দুর্বৃত্তদের ককটেল হামলার ঘটনায় উত্তপ্ত হয়ে উঠেছে স্থানীয় রাজনৈতিক অঙ্গন। এই হামলার তীব্র প্রতিবাদ ও ধিক্কার জানিয়ে খুলনা মহানগর ২১ নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে আজ রবিবার (৩০ আগস্ট) বিকেল ৪টা ৩০ মিনিটে প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশের কর্মসূচি ঘোষণা করেছে।


তবে এই কর্মসূচিকে ভণ্ডুল ও প্রতিহত করার উদ্দেশ্যে অশুভ তৎপরতা চালিয়ে যাচ্ছে একটি চক্র। জানা গেছে, নির্ধারিত প্রতিবাদ সমাবেশ যাতে অনুষ্ঠিত হতে না পারে, সে লক্ষ্যে রাজনৈতিক ভয়ভীতি প্রদর্শনের জন্য শনিবার রাত সাড় ৯টার দিকে স্থানীয় এক যুবদল নেতার বসতবাড়িতে ককটেল বিস্ফোরণ ঘটানো হয়েছে।


স্থানীয় সূত্র জানায়, নগরীর গ্রীনল্যান্ড আবাসন ‘সূর্যের বাড়ি’ বস্তি এলাকায় অবস্থিত সাবেক ২১ নম্বর ওয়ার্ড যুবদলের সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম রবির বাসভবন লক্ষ্য করে দুর্বৃত্তরা ককটেল নিক্ষেপ করে। বিকট শব্দে ককটেলটি বিস্ফোরিত হলেও এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে ঘটনার আকস্মিকতায় পুরো এলাকায় চরম আতঙ্ক ও ভীতিকর পরিস্থিতির সৃষ্টি হয়। রবিউল ইসলাম রবির পরিবারের সদস্যরা দাবি করেছেন, বিস্ফোরণের পরপরই অজ্ঞাত পরিচয় দুর্বৃত্তরা তার বাড়িতে প্রবেশ করে তার বৃদ্ধা মাকে চরম অকথ্য ভাষায় গালিগালাজ করে ও নানাবিধ ভয়ভীতি দেখিয়ে কঠোরভাবে শাসিয়ে যায়। অপর একজন যুবদল নেতার ব্যবসা প্রতিষ্ঠানে হুমকির ঘটনা ঘটেছে।


এদিকে, ২১ নম্বর ওয়ার্ড বিএনপি কার্যালয়ে ককটেল হামলার ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। উক্ত ঘটনার পরিপ্রেক্ষিতে খুলনা সদর থানায় বিস্ফোরক আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। মামলা নম্বর: ৩৫, তারিখ: ২৯ আগস্ট ২০২৬।


যুবদল নেতার বাড়িতে ককটেল বিস্ফোরণের বিষয়ে জানতে চাওয়া হলে খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে রবির বাড়িতে ককটেল বিস্ফোরণের মতো কোনো ঘটনা ঘটেনি; সেখানে কে বা কারা ককটেল নয় বরং পটকা/বাজি ফুটিয়েছে। যুবদল নেতার ব্যবসা প্রতিষ্ঠানে হুমকির ঘটনা সম্পর্কে কিছু জানেন না বলে শফিকুল ইসলাম বলেন, কেউ অভিযোগ নিয়ে আসলে ব্যবস্থা গ্রহন করা হবে।


বিএনপি কার্যালয়ে হামলার ঘটনায় দায়েরকৃত মামলার বিষয়টি স্বীকার করে ওসি শফিকুল ইসলাম বলেন, “আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে এবং হামলার ঘটনায় জড়িত আসামিদের চিহ্নিত করে অবিলম্বে গ্রেপ্তারের উদ্দেশ্যে পুলিশের অভিযান জোরদার করা হয়েছে।”