Home আঞ্চলিক কবিরাজির আড়ালে জাল টাকা তৈরি, যশোরে ওলামা লীগ নেতাসহ গ্রেপ্তার ২

কবিরাজির আড়ালে জাল টাকা তৈরি, যশোরে ওলামা লীগ নেতাসহ গ্রেপ্তার ২

0


যশোর অফিস
যশোরের মনিরামপুর উপজেলায় কবিরাজির আড়ালে জাল টাকা তৈরির অভিযোগে ওলামা লীগ নেতাসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় ঘটনাস্থল থেকে একটি কম্পিউটার, একটি প্রিন্টার, একটি কি-বোর্ড এবং বেশ কয়েকটি হাজার টাকার জাল নোট জব্দ করা হয়।

বৃহস্পতিবার রাতে উপজেলার কুলটিয়া ইউনিয়নের কালার মোড়ের একটি কম্পিউটার দোকান থেকে একজনকে এবং শুক্রবার সকালে ডাঙ্গামহিষদীয়া এলাকা থেকে আরেকজনকে আটক করা হয় বলে জানান মনিরামপুর থানার ওসি আবু সাঈদ।
গ্রেপ্তাররা হলেন- ডাঙ্গামহিষদীয়া গ্রামের বশির উদ্দিনের ছেলে ও কুলটিয়া ইউনিয়ন ওলামা লীগের সভাপতি এমদাদুল হক এবং যশোর সদর উপজেলার মাহিদীয়া গ্রামের প্রয়াত আলতাফ বিশ্বাসের ছেলে আজিবুর রহমান। পুলিশের ভাষ্য, তারা দীর্ঘদিন ধরে কুলটিয়া ইউনিয়নের কালার মোড়ের একটি দুইতলা ভবনে কবিরাজি কার্যক্রমের আড়ালে জাল টাকা তৈরি করে আসছিলেন। স্থানীয় বাসিন্দাদের ভাষ্য, বৃহস্পতিবার রাত সাড়ে ১২টার দিকে কালার মোড়ে মফিজুর রহমানের কম্পিউটার দোকানে জাল টাকা ছাপানোর সময় আজিবুর রহমানকে আটক করা হয়। এ সময় এমদাদুল হক ও দোকান মালিক মফিজুর রহমান পালিয়ে যান। শুক্রবার সকাল ৬টার দিকে ডাঙ্গামহিষদীয়া এলাকা থেকে এমদাদুল হককে আটক করেন স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুজনকে থানায় নিয়ে যায়।

মনিরামপুর থানার এসআই মনিরুজ্জামান হাজরা বলেন, ঘটনাস্থল থেকে একটি কম্পিউটার, একটি প্রিন্টার, একটি কিবোর্ড এবং বেশ কয়েকটি এক হাজার টাকার জাল নোট জব্দ করা হয়েছে। ওসি আবু সাঈদ বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জাল টাকা তৈরির সঙ্গে সংশ্লিষ্টতার তথ্য পাওয়ায় এমদাদুল হক, আজিবুর রহমান ও দোকান মালিক মফিজুর রহমানের বিরুদ্ধে মামলা হয়েছে। তবে মফিজুর এখনও পলাতক রয়েছেন।