যশোর অফিস।।
প্রধানমন্ত্রী তারেক রহমানের কার্টুন বানিয়ে ফেসবুকে আপত্তিকর পোস্ট দেওয়ার অভিযোগে যশোরের অভয়নগরে রবিউল ইসলাম (৩৮) নামের এক যুবককে আটক করেছে পুলিশ।
শনিবার (২৯ আগস্ট) ভোরে উপজেলার শুভরাড়া ইউনিয়নের লেবুগাতি গ্রাম থেকে তাকে আটক করা হয়। আটক মো. রবিউল ইসলাম শুভরাড়া ইউনিয়নের লেবুগাতি গ্রামের মৃত হাতেম আলী শেখের ছেলে।
সূত্র জানায়, রবিউল ইসলাম নিজেকে খুলনার একটি আঞ্চলিক দৈনিক পত্রিকার (দৈনিক ফুলতলা প্রতিদিন) স্টাফ রিপোর্টার হিসেবে পরিচয় দিতেন।
সম্প্রতি তার ফেসবুক আইডিতে প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে একটি কার্টুন বানিয়ে আপত্তিকর পোস্ট দেন। পোস্টটি দেওয়ার পর এলাকাবাসী ও স্থানীয় রাজনৈতিক নেতাদের সমালোচনার মুখে সেই আপত্তিকর পোস্টটি তিনি ফেসবুক থেকে সরিয়ে ফেলেন। রবিউল ইসলামের ফেসবুক আইডিতে গিয়ে দেখা গেছে, প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে তার সেই আপত্তিকর পোস্টের বিষয়ে দুঃখ প্রকাশ করে তিনি ফেসবুকে নতুন আরও একটি পোস্ট দিয়েছেন।
নতুন পোস্টে তিনি লেখেন, ‘প্রিয় ফেসবুক বন্ধুগণ ও শুভাকাঙ্ক্ষীগণ, সম্প্রতি আমার একটি পোস্ট নিয়ে কিছু বিতর্ক ও সমালোচনা হয়েছে। যদিও কাউকে ব্যক্তিগতভাবে আহত করার উদ্দেশ্যে আমার ছিল না। আমি সেই পোস্টের জন্য নিঃশর্তভাবে ক্ষমা চাই।’
শনিবার (২৯ আগস্ট) দুপুরে অভয়নগর থানার ওসি (তদন্ত) শেখ লুৎফর রহমান বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমানের কার্টুন বানিয়ে ফেসবুকে আপত্তিকর পোস্ট দেওয়ার অভিযোগে মো. রবিউল ইসলাম নামের এক যুবককে আটক করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’











































