Home আঞ্চলিক কুয়েট শিক্ষকের লাশ ফের দাফন

কুয়েট শিক্ষকের লাশ ফের দাফন

34

কুষ্টিয়া প্রতিনিধি ।।

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) শিক্ষক ড. সেলিম হোসেনের লাশ পুনরায় কুষ্টিয়ার কুমারখালীর বাঁশগ্রাম কবরস্থানে দাফন করা হয়েছে।

বুধবার কবর থেকে লাশ তুলে কুষ্টিয়া সদর হাসপাতালের মর্গে নিয়ে গেলে সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। ময়নাতদন্তের পর বৃহস্পতিবার রাত ৮টার দিকে সেলিমের লাশ তার গ্রামের বাড়িতে পৌঁছায়।

এ সময় লাশের সঙ্গে খুলনা খানজাহান আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার বিশ্বাসসহ ৩ জন পুলিশ কর্মকর্তা উপস্থিত ছিলেন। লাশ পৌঁছানোর পর কুমারখালী থানা পুলিশ ও খুলনার খানজাহান আলী পুলিশের উপস্থিতিতে ড. সেলিম হোসেনকে পুনরায় দাফন করা হয়।

ড. সেলিমের লাশের গাড়ি তার গ্রামের বাড়িতে পৌঁছানোর পর হৃদয় বিদারক দৃশ্যের অবতারণা হয়। তার বাবা শুকুর আলী ও দুই বোন শিউলি শ্যামলী কান্নায় ভেঙে পড়েন। এবং আহাজারি করে বলেন মরার পরও কতো কষ্ট পাচ্ছে ছেলেটা লাশ নিয়ে কতো টানাহ্যাঁচড়া চলছে। তারপরও যারা সেলিমের মৃত্যুর জন্য দায়ী তাদের উল্লেখযোগ্য বিচার দাবি করেন তারা।

এ সময় খুলনা খানজাহান আলী থানার ওসি প্রদীপ কুমার বিশ্বাস ও কুমারখালী থানার পুলিশ ড. সেলিমের লাশ তার বাবা শুকুর আলী ও দুই চাচাতো ভাই শামীম এবং সোহেলের নিকট শনাক্তপূর্বক বুঝিয়ে দেন। শীত উপেক্ষা করে এ সময় এলাকার অসংখ্য মানুষ কবরস্থানে ভিড় জমান। পুলিশের উপস্থিতিতে পুনরায় লাশ দাফন করা হয়েছে।

প্রসঙ্গত, দাফনের ১৪ দিন পর বুধবার সকাল সাড়ে ৯টার দিকে ময়নাতদন্তের জন্য কবর থেকে ড. সেলিমের লাশ উত্তোলনের সময় কুষ্টিয়া জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আহমেদ সাদাত, খুলনা খান জাহান আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রবীর কুমার বিশ্বাস ও কুমারখালী থানার ওসি কামরুজ্জামান উপস্থিত ছিলেন।

উল্লেখ্য , গত ৩০ নভেম্বর কুয়েট ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদমান নাহিয়ান সেজানের নেতৃত্বে একদল শিক্ষার্থী অধ্যাপক সেলিমের সঙ্গে দেখা করেন। এরপর ওই শিক্ষক বাসায় ফিরে মারা যান।

অভিযোগ উঠেছে, সেজানসহ ওই শিক্ষার্থীরা অধ্যাপক সেলিমকে লাঞ্ছিত করেছিলেন, যা তাকে মৃত্যুর দিকে ঠেলে দেয়। পরদিন ১ ডিসেম্বর অধ্যাপক সেলিমকে তার গ্রামের বাড়ি কুষ্টিয়ার কুমারখালীর বাঁশগ্রামে দাফন করা হয়।

এ ঘটনায় খুলনার খানজাহান আলী থানার পরিদর্শক তদন্ত শাহরিয়ার হাসান অধ্যাপকের মরদেহ কবর থেকে উত্তোলন করে ময়নাতদন্তের জন্য গত ৫ ডিসেম্বর খুলনার জেলা প্রশাসকের কাছে একটি আবেদন করেন। পরবর্তী সময়ে এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ৬ ডিসেম্বর খুলনা জেলা প্রশাসক কুষ্টিয়া জেলা প্রশাসকের কাছে একটি চিঠি পাঠান।

ওই চিঠিতে বলা হয়, কুয়েটের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার প্রকৌশলী আনিচুর রহমান সই করা বিজ্ঞপ্তিতে অধ্যাপক সেলিম হোসেনের মৃত্যুকে অস্বাভাবিক হিসেবে উল্লেখ করা হয়। তাতে মৃত্যুর সঠিক কারণ অনুসন্ধানের কথা বলা হয়েছে।

অভিযোগের প্রেক্ষিতে কবর থেকে লাশ তুলে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা নিতে কুষ্টিয়া জেলা ম্যাজিস্ট্রেটকে বলা হয়।