মাগুরা প্রতিনিধি।।
দুই পা ও বাম হাত অকেজো, তারপরেও সংসারের ভার কাঁধে নিয়ে যুদ্ধ করছেন মাগুরার শ্রীপুরের সালমা আখতার। শয্যাশায়ী মা আর বৃদ্ধ বাবার জীবনের একমাত্র অবলম্বন তিনি।
অভাবের কারণে মাধ্যমিকের গণ্ডি পার হওয়া হয়নি সালমার। কিন্তু কারও কাছে হাত না পেতে ছোট্ট একটি দোকান দিয়ে পণ্য বিক্রি করেছেন। চালিয়ে নিচ্ছেন জীবন জীবিকা।
দুই বছর বয়সে জ্বর, এরপর চলে গ্রাম্য চিকিৎসকের ভুল চিকিৎসা। শুরুতে শরীরের নিচের অংশ এবং পরে বাম পাশ পুরোপুরি অকেজো হয়ে যায় আম্বলসার গ্রামের সালমা আখতারের।
সেই থেকে পঙ্গুত্বের জীবন তার। এখন ৩০ বছর বয়সে এসে তারই কাঁধে সংসারের ভার। তবুও হার মানেননি সালমা।
সংসারের কাজ সামলানো, শয্যাশায়ী মায়ের দেখাশুনা আর বৃদ্ধ বাবার সাথে ছোট্ট মুদি দোকান চালিয়ে পার করছেন একেকটি দিন।
পঙ্গু হয়েও স্কুলে পড়েছেন সালমা। কখনও বাবার, কখনও মায়ের কোলে চেপে প্রাথমিকের গণ্ডি পেরিয়েছেন। এরপর দশম শ্রেণি পর্যন্ত পরেও অভাবে কারণে এসএসসি দেয়া হয়নি।
সালমাকে ভালোবাসেন পুরো এলাকার মানুষ। যে কোন সমস্যায় এগিয়ে আসেন সবাই। তার এই জীবন সংগ্রামকে সাধুবাদ জানান।
দীর্ঘ সংগ্রামের জীবনে ২০০৮ সালে একটি হুইল চেয়ার পান সালমা। আর সরকারের পক্ষ থেকে ৫০০ টাকা ভাতা পান। কিন্তু এটুকুতে সংসার চালাতে রীতিমতো যুদ্ধ করতে হচ্ছে সালমাকে।











































