ঢাকা অফিস।।
বিজয়ের ৫০ বছর পূর্তিতে আগামী ১৬ ডিসেম্বর অনুষ্ঠিত হবে দেশব্যাপী এক শপথ অনুষ্ঠান। এতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারা দেশের মানুষকে শপথ বাক্য পাঠ করাবেন।
বৃহস্পতিবার (২ ডিসেম্বর) সচিবালয়ে এক বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন জাতীয় বাস্তবায়ন কমিটির প্রধান সমন্বয়ক কামাল আবদুল নাসের চৌধুরী।
তিনি বলেন, স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও মুজিববর্ষ মিলিয়ে আমরা ইতিহাসের অসাধারণ সময় অতিক্রম করছি। জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠান হবে। আগে যেসব অনুষ্ঠান জাতীয় প্যারেড স্কয়ারে হয়েছিল, ১৬ ডিসেম্বর প্যারেড স্কয়ারে কুচকাওয়াজ বড় আকারে হবে। সেখানে ছয়টি দেশ মিলিয়ে আন্তর্জাতিক একটা প্যারেড হবে। অনেকগুলো দেশের অংশগ্রহণ থাকবে। বিকেলে জাতীয় বাস্তবায়ন কমিটি থেকে ‘মহা বিজয়ের মহানায়ক’ শিরোনামে ১৬ ও ১৭ ডিসেম্বর অনুষ্ঠান হবে।
উদযাপন কমিটির প্রধান সমন্বয়ক কামাল আবদুল নাসের চৌধুরী বলেন, ১৬ ডিসেম্বর বিকেল সাড়ে ৪টায় প্রধানমন্ত্রী সেখান থেকে সারা দেশে একটি শপথ অনুষ্ঠান পরিচালনা করবেন। সেখানে সব শ্রেণি-পেশার মানুষ অংশ নেবেন।
এর আগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে নিরাপত্তা উপকমিটির সভা হয়। এতে সভাপতিত্ব করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।










































