স্টাফ রিপোর্টার।।
নগরীর রায়েরমহল মোল্লাপাড়া সড়কের দক্ষিণপাড়ার আমির শেখ (৭৫) হত্যা মামলার দু’আসামীকে গ্রেপ্তার করেছে র্যাব-৬। ২৭ নভেম্বর রাত পৌনে ৭টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বটিয়াঘাটার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার দু’আসামী হলেন রায়েরমহল মোল্লাপাড়ার আলোচিত মৃত. দাউদ মোল্লার ছেলে মোয়াজ্জেম মোল্লা (৫৮) ও একই এলাকার মৃত. মতলেব মোল্লার ছেলে মিজানুর রহমান (৫৫)। এর আগে নিহতের স্ত্রী জামিলা বেগম বাদী হয়ে ৯জনকে আসামী করে বটিয়াঘাটা থানায় মামলা দায়ের করেন।
মামলার বিবরণে জানা যায়, গত ২৩ নভেম্বর থেকে নিখোঁজ থাকার পর ২৬ নভেম্বর বটিয়াঘাটা থানাধীন নারায়ণখালী গ্রামের অহিদুজ্জামানএর বাড়ির উত্তর পাশে পশুর নদীর চরে অজ্ঞাত হিসেবে আমির শেখের মৃতদেহ উদ্ধার করে পুলিশ। ২৩ নভেম্বর বিকেল পৌনে ৫টার দিকে নিজ বাড়ি হতে রায়েরমহল বড় মসজিদ সন্ধ্যা বাজারের উদ্দেশ্যে রওনা করে সে। মৃত. ব্যক্তি যথাসময়ে নিজ বাড়িতে ফেরত না আসায় তার আতœীয়-স্বজন খোঁজাখুঁজি করে জানতে পারে যে, পশুর নদীর চরে একটি অজ্ঞাতনামা বৃদ্ধের লাশ রূপসা নৌ-পুলিশ ফাঁড়ী উদ্ধার করে ময়না তদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজে প্রেরণ করেছে এবং ২৬ নভেম্বর বিকেল ৩টার দিকে অজ্ঞাত লাশটি দাফন করার জন্য গোয়ালখালী কবরস্থানে পাঠানো হয়। এমতাবস্থায় ঘটনাস্থলে মৃত. ব্যক্তির স্বজনরা উপস্থিত হয়ে উক্ত লাশটি আমির শেখ হিসেবে সনাক্ত করে। জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে ভিকটিম আমির আলীকে হত্যা করা হয়। এঘটনায় নিহত আমির শেখ এর স্ত্রী জামিলা বেগম বাদী হয়ে ৯জনের বিরুদ্ধে বটিয়াঘাটা থানায় হত্যা মামলা দায়ের করেন যার মামলা নং-১০। আসামীদের মামলার তদন্ত কর্মকর্তা রূপসা নৌ ফাঁড়ির ইনচার্জ (ওসি) মো. আব্দুল মুন্নাফ এর নিকট হস্তান্তর করা হয়েছে।











































