Home জাতীয় নিখোঁজ ‌সেই তিন বোনের সন্ধান পেয়েছে র‌্যাব

নিখোঁজ ‌সেই তিন বোনের সন্ধান পেয়েছে র‌্যাব

5

ঢাকা অফিস।।

রাজধানীর আদাবর এলাকার একটি বাসা থেকে দুই এসএসসি পরীক্ষার্থীসহ নিখোঁজ হওয়া তিন বোনের সন্ধান পেয়েছে র‌্যাব। টিকটকার ওই তিনবোন বর্তমানে যশোরে অবস্থান করছেন।

শুক্রবার (১৯ নভেম্বর) সন্ধ্যায় তিন বোনকে শনাক্তের বিষয়টি সংবাদমাধ্যমকে নিশ্চিত করেন র‍্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক এএসপি আ ন ম ইমরান খান।

তিনি জানান, ওই তিন ছাত্রীর খালা সাজেদা নওরীন বৃহস্পতিবার (১৮ নভেম্বর) রাতে আদাবর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। এরপর র‍্যাব-২ ও সদরদপ্তরের গোয়েন্দা শাখা ছায়া তদন্ত শুরু করে। তদন্তের এক পর্যায়ে র‍্যাব-২ এর একটি দল তাদের যশোরে শনাক্ত করে হেফাজতে নেয়। নিখোঁজ ওই তিনজনকে নিয়ে রাতেই ঢাকার উদ্দেশ্যে রওনা হবে র‌্যাব।

পরিবারের সন্দেহ, টিকটকার কোনো চক্রের প্ররোচনায় তারা বাসা থেকে বেরিয়ে গেছে। যাওয়ার সময় তারা ব্যাগে পিএসসি, জেএসসির সার্টিফিকেট ও টাকা-স্বর্ণালংকার নিয়ে যায়।

বাসা থেকে বের হয়ে যাওয়া তিন বোন হলো- রোকেয়া (১৮), জয়নব আরা (১৭) ও খাদিজা আরা (১৬)।

এর আগে, সাজেদা নওরীন সংবাদমাধ্যমকে জানিয়েছিলেন, তার বড় বোন তিন বছর আগে মারা গেছে। আর দুলাভাই অন্য জায়গায় বিয়ে করেছে। এরপর তিন বোনের মধ্যে মেজো ও ছোট বোন থাকত খিলগাঁও তার ছোট খালার বাসায়। তাদের বড় বোন থাকত আদাবরে বড় খালার বাসায়।

কিন্তু এসএসসি পরীক্ষা শুরু হলে জয়নব আরা এবং খাদিজা আরার পরীক্ষার সেন্টার পড়ে ধানমণ্ডি গার্লস হাই স্কুলে। সে কারণে আদাবরে তার নিজের কাছে নিয়ে আসেন সাজেদা নওরীন। এর মধ্যেই তারা হঠাৎ তিনজন বাসা থেকে কাউকে কিছু না বলে বেরিয়ে যান।

তিনি জানান, বৃহস্পতিবার সকাল ১০টা ৫০ মিনেটে তার বাসায় তিন বোন ছাড়া আর কেউ ছিল না। এ সুযোগে সকাল ১১টার দিকে নিজেদের কাপড়চোপড় নিয়ে তারা বের হয়ে যায়। ১১টা ১০ মিনেটের দিকে তাদের খালা সাজেদা নওরীন বাসায় ফিরে দেখেন, তারা বাসায় নেই। বাড়ির সিসি ক্যামেরায় তাদের বের হওয়ার দৃশ্য দেখা গেছে। খোঁজাখুঁজি করে না পেয়ে থানায় জিডি করেন। তারা যাওয়ার সময় তাদের বই-খাতা, পরীক্ষার অ্যাডমিট কার্ড রেজিস্ট্রেশন ফর্মসহ সব কিছু নিয়ে গেছে।

তিনি জানান, মেজো ও ছোট বোন টিকটকে আসক্ত ছিল। তাদের দেখাদেখিতে বড় বোনও মাঝেমধ্যে টিকটক করত।