ঢাকা অফিস।।
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় মঙ্গল প্রদীপ জ্বালিয়ে প্রার্থনা করেছে হিন্দু সম্প্রদায়। আজ বৃহস্পতিবার দক্ষিণ কেরানীগঞ্জের কোন্ডা ইউনিয়নে শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দিরের ভক্তরা এ প্রার্থনা করেন।
প্রার্থনা অনুষ্ঠানে অংশ নেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট নিপুণ রায়। তিনি জানান, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া এখন জীবনমৃত্যুর সন্ধিক্ষণে এভারকেয়ার হাসপাতালের সিসিইউতে চিকিৎসা নিচ্ছেন। প্রিয় এ মানুষটির সুস্থতা কামনা করে হিন্দু সম্প্রদায়ের মানুষরা প্রার্থনা করেছেন।
এদিকে, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া জীবন-মৃত্যুর সঙ্গে সংগ্রাম করছেন বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ বৃহস্পতিবার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনাসভায় তিনি একথা বলেন। এ সময় বিএনপি মহাসচিব খালেদা জিয়ার চিকিৎসার সঙ্গে রাজনীতিকে না জড়ানোর আহ্বানও জানান।
প্রসঙ্গত, ৭৬ বছর বয়সী খালেদা জিয়া দীর্ঘ দিন ধরে আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি, ফুসফুস ও চোখের সমস্যাসহ নানা জটিলতায় ভুগছেন। গত ১৩ নভেম্বর গুরুতর অসুস্থ অবস্থায় খালেদা জিয়াকে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালের হৃদরোগ বিশেষজ্ঞ ডা. শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে গঠিত মেডিকেল বোর্ড তাকে চিকিৎসা দিচ্ছে।











































