খুলনাঞ্চল রিপোর্ট:
করোনা ভাইরাসের প্রাদুর্ভাব দেশজুড়ে ছড়িয়ে পড়ায় স্থগিত করা হয়েছে এবছরের এইচএসসি ও সমমানের পরীক্ষা। এপ্রিল মাসের প্রথম দিকে পরীক্ষার পরবর্তী তারিখ জানানো হবে। রোববার এ তথ্য জানিয়েছেন শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আবুল খায়ের। এর আগে সকালে এক বিজ্ঞপ্তিতে, করোনা পরিস্থিতির কারণে আগামী ২৮ মার্চ পর্যন্ত শিক্ষাবোর্ডগুলো এইচএসসি পরীক্ষার প্রবেশপত্র বিতরণ কার্যক্রম স্থগিত ঘোষণা করে। একইসঙ্গে ওই বিজ্ঞপ্তিতে পরীক্ষার্থীদের নিজ বাসভবনে অবস্থান করে প্রস্তুতি গ্রহণের অনুরোধ করা হয়। এছাড়া করোনা ভাইরাসের এই সময়ে শিক্ষার্থীদের ক্ষতি পুষিয়ে নিতে সংসদ টিভিতে ষষ্ঠ থেকে দশম শ্রেণির শিক্ষার্থীদের জন্য সীমিত আকারে শ্রেণি কার্যক্রম প্রচারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এভাবে প্রতিদিন ৭টি করে প্রতি সপ্তাহে ৩৫টি কাস প্রচার করা হবে। শিক্ষার্থীরা বাসায় বসেই টেলিভিশনে নিজ নিজ বিষয়ের ওপর অভিজ্ঞ শিক্ষকদের কাছ থেকে পাঠলাভ করতে পারবে।











































