ক্রীড়া প্রতিবেদক।।
খুলনা জেলা ক্রীড়া সংস্থা আয়োজিত শেখ আবু নাসের অনূর্ধ্ব-১৩ ক্রিকেটে জয় দিয়ে শুরু করেছে দৌলতপুর ক্রীড়া চক্র। মঙ্গলবার খুলনা জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রতিযোগিতার দিনের প্রথম ম্যাচে তারা ৯ উইকেটের বড় ব্যবধানে একতা বয়েজ ক্লাবকে পরাজিত করে। এদিন দিনের দ্বিতীয় ম্যাচে বয়রা তরুণ সংঘ ১০ উইকেটের বড় ব্যবধানে খালিশপুর ক্রীড়া ও সাংস্কৃতিক সংসদকে পরাজিত করে। প্রতিযোগিতায় বয়রা তরুণ সংঘের এটি দ্বিতীয় জয়।
দিনের প্রথম ম্যাচে আগে ব্যাট করে একতা বয়েজ ক্লাব ১৩.২ ওভারে মাত্র ৫৪ রান তুলতেই অল আউট হয়ে যায়। দলের হয়ে একমাত্র দুই অংকের কোটায় ১৬ রান করেন অর্পন। দৌলতপুর ক্রীড়া চক্রের হয়ে ইব্রাহিম ১১ রান খরচায় তুলে নেন ৪ উইকেট। ২টি উইকেট নেন অরূপ। একটি করে উইকেট নেন শাওন ও সোহাব। জবাবে ব্যাট করতে নেমে মাত্র ৬.৩ ওভারেই এক উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় দৌলতপুর ক্রীড়া চক্র। দলের হয়ে শাওন ৩০ বলে অপরাজিত ২৪ ও শাহীন অপরাজিত ১৩ রান করেন। প্রতিপক্ষের হয়ে একমাত্র উইকেটটি নেন লামিম।
দিনের দ্বিতীয় ম্যাচে আগে ব্যাট করে খালিশপুর ক্রীড়া ও সাংস্কৃতিক সংসদ নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে সর্বসাকুল্যে ৬০ রান তুলতে সমর্থ হয়। দলের হয়ে সাজিদ সাফিন অপরাজিত ১৮ ও তাহসিন ১২ রান করেন। বয়রা তরুণ সংঘের হয়ে জিলানি ২টি ও কল্প রাজ একটি উইকেট নেন। জবাবে ব্যাট করতে নেমে বয়রা তরুণ সংঘ মাত্র ৬.১ ওভারেই কোন উইকেট না হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায়। দলের স্বাধীন ২৩ বলে ৭টি বাউন্ডারির সাহায্যে ৩২ রান করে অপরাজিত থাকেন। ১৮ রানে ১৪ রানে অপরাজিত থাকেন অপর উত্বোধনী ব্যাটসম্যান মাহফুজ।











































