খবর বিজ্ঞপ্তি
খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক বলেছেন, বিশ্বের কাছে খুলনাকে একটি সুন্দর পরিচ্ছন্ন নগরী হিসেবে পরিচিত করতে চাই। নগর উন্নয়নের সাথে সংশ্লিষ্ট সকল প্রতিষ্ঠান এবং নাগরিক সমাজ সমন্বিত উদ্যোগ নিয়ে এগিয়ে আসলে এ লক্ষ্য অর্জন করা কঠিন কিছু নয়। তিনি বলেন, সমন্বিত ও অংশগ্রহণমূলক সুশাসনের মাধ্যমে উন্নয়নশীল দেশসমূহের শহরাঞ্চলে নাগরিকদের সুস্বাস্থ্য এবং কল্যাণ নিশ্চিতকরণের লক্ষ্যে বিশ^স্বাস্থ্য সংস্থা প্রকল্পটি বাস্তবায়নের জন্য প্রাথমিকভাবে বিশ্বের পাঁচটি শহরকে নির্বাচিত করেছে যার মধ্যে খুলনাকেও অন্তর্ভুক্ত করা হয়েছে। ফলে খুলনা মহানগরীতে স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করার ক্ষেত্র আরো সম্প্রসারিত হয়েছে।
সিটি মেয়র রবিবার সকালে নগরীর একটি অভিজাত হোটেলে ‘‘স্বাস্থ্যকর শহর: নগর সুশাসনের মাধ্যমে স্বাস্থ্য ও কল্যাণ নিশ্চিতকরণের উদ্যোগ’’ শীর্ষক প্রকল্পের উপদেষ্টা ও কারিগরি কমিটির সভায় প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার সহযোগিতায় স্বাস্থ্য অধিদপ্তরের অসংক্রামক রোগ নিয়ন্ত্রণ কর্মসূচির আওতায় এ সভার আয়োজন করা হয়।
স্বাস্থ্য অধিদপ্তরের অসংক্রামক রোগ নিয়ন্ত্রণ কর্মসূচির লাইন ডাইরেক্টর প্রফেসর ডা. মো: রোবেদ আমিন-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক ডা. মীরজাদী সাবরিনা ফ্লোরা, কেডিএ’র চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মাহবুবুল ইসলাম, স্বাস্থ্য বিভাগ-খুলনার পরিচালক ডা. মোঃ জসীম উদ্দিন হ্ওালাদার, কেসিসি’র প্রধান নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মোঃ আজমুল হক এবং খুলনার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ ইউসুফ আলী।
সভায় সিটি মেয়র আরো বলেন, স্বাস্থ্যসম্মত নগরী গড়ে তুলতে নগরবাসীর আন্তরিক সহযোগিতা দরকার। তিনি আক্ষেপ করে বলেন কিছু লোক তাদের সেপটিক ট্যাংকির আউটলেট ড্রেনের সাথে সংযোগ করে দিচ্ছেন। ফলে পরিবেশ দূষণ রোধ করা কঠিন হয়ে পড়েছে। নগরীতে প্লান অনুযায়ী বাড়ি নির্মাণ হচ্ছে কিনা এবং কেডিএ নির্মিত আবাসিক এলাকাসমূহে পানি নিষ্কাশনের জন্য ড্রেনেজ ব্যবস্থার সংস্থান রয়েছে কিনা তা খতিয়ে দেখার ওপর তিনি গুরুত্বারোপ করেন।
খুলনা বিশ^বিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মোছাম্মাৎ হোসনে আরা, বিশ্ব স্বাস্থ্য সংস্থা-বাংলাদেশের প্রোফেশনাল অফিসার ড. সৈয়দ মাহফুজুল হক, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের সহযোগী অধ্যাপক তুষার কান্তি রায়, কেএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার মোঃ ফজলুর রহমান, খুলনা ওয়াসার ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর মোঃ কামাল উদ্দিন আহমেদ প্রমুখ সভায় বক্তৃতা করেন। বিষয়বস্তুর উপর প্রেজেন্টেশন উপস্থাপন করেন প্রকল্পের কনসালট্যান্ট আসিফ আহমেদ। প্রকল্পের উপদেষ্টা কমিটি এবং কারিগরি কমিটির সদস্যসহ সরকারি-বেসরকারি বিভিন্ন সংস্থার প্রতিনিধিগণ সভায় উপস্থিত ছিলেন।











































