খবর বিজ্ঞপ্তি।।
আজ ১৮ অক্টোবর ২০২১ খ্রি. তারিখ সোমবার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর কনিষ্ঠ পুত্র এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভ্রাতা শেখ রাসেল এর ৫৮তম জন্মদিন উপলক্ষ্যে খুলনা বিশ্ববিদ্যালয়ে ‘শেখ রাসেল দিবস’ উদযাপন করা হয়। দিবসটি উপলক্ষ্যে সকাল ১০টায় কালজয়ী মুজিব এর পাশে শেখ রাসেল এর প্রতিকৃতিতে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে পুষ্পমাল্য অর্পণ করেন উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন। এসময় উপ-উপাচার্য প্রফেসর ড. মোসাম্মাৎ হোসনে আরা, বিভিন্ন স্কুলের ডিনবৃন্দ, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত), ডিসিপ্লিন প্রধানবৃন্দ, ছাত্র বিষয়ক পরিচালক, প্রভোস্টবৃন্দ, বিভাগীয় প্রধানবৃন্দসহ শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন। পরে খুলনা বিশ্ববিদ্যালয় স্কুল, বিভিন্ন ডিসিপ্লিন, আবাসিক হল, শিক্ষক সমিতি, অফিসার্স কল্যাণ পরিষদের পক্ষ থেকেও শ্রদ্ধা নিবেদন করা হয়।
এছাড়া সকাল ১০টা ৩০ মিনিটে শেখ রাসেল শিশু প্রশিক্ষণ ও পুনর্বাসন কেন্দ্র (বালিকা) গল্লামারীতে পাঠাগার উদ্বোধন করেন উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন। তিনি ফিতা কেটে উদ্বোধনের পর পাঠাগার ঘুরে দেখেন। খুলনা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে এ পাঠাগারের জন্য শিশুতোষসহ প্রয়োজনীয় বই উপহার দেওয়া হয়েছে। এর আগে সেখানে সংক্ষিপ্ত এক আলোচনা অনুষ্ঠানে উপাচার্য বলেন, শহিদ শেখ রাসেলের জন্মদিনকে আনুষ্ঠানিকভাবে পালনে মন্ত্রিপরিষদে ‘শেখ রাসেল দিবস’ ঘোষণা মহতী উদ্যোগ। এই দিবসের মাধ্যমেই দেশের সকল শিশুর অধিকার, শিক্ষা ও মানসিক বিকাশের বিষয়টি সামনে চলে আসবে বলে আমরা আশাবাদী। তিনি শিশুদের উন্নয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের নানা উদ্যোগের কাজও উল্লেখ করেন। উপাচার্য বলেন, গল্লামারীর এই কেন্দ্রটির শিশুদের কার্যক্রম দেখে তিনি অভিভূত। উপাচার্য সেখানে নিবাসী ছিন্নমূল শিশুদের পরিবেশিত ‘আমাদের দেশটা স্বপ্নপূরী’ এই নৃত্যসঙ্গীতটি দেখে আবেগআপ্লুত হন এবং সঙ্গীত শেষে তাদেরকে উঠে দাঁড়িয়ে করতালি দিয়ে অভিনন্দন জানান। উপাচার্য বলেন, আমাদের দেশটা সত্যিই স্বপ্নপূরী করা সম্ভব যদি সবাই দুর্নীতিমুক্ত থেকে ক্ষুধা ও দারিদ্র্যমুক্তির জন্য আন্তরিকভাবে কাজ করি।
এসময় উপ-উপাচার্য, বিভিন্ন স্কুলের ডিনবৃন্দ, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত), ডিসিপ্লিন প্রধানবৃন্দ, ছাত্র বিষয়ক পরিচালক, বিভাগীয় প্রধানবৃন্দ উপস্থিত ছিলেন। সূচনা বক্তব্য রাখেন সমাজসেবা অধিদপ্তর খুলনার পরিচালক (উপ-সচিব) মোঃ আব্দুর রহমান। দিনের অন্যান্য কর্মসূচির মধ্যে ছিলো বাদ যোহর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদে দোয়া মাহফিল। এর আগে বেলা ১১টায় বিশ্ববিদ্যালয় মন্দিরে প্রার্থনা অনুষ্ঠিত হয়।
পবিত্র ঈদ-ই মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষ্যে খুবিতে কর্মসূচি গ্রহণ
আগামী ২০ অক্টোবর ২০২১ খ্রি. তারিখ বুধবার পবিত্র ঈদ-ই মিলাদুন্নবী (সাঃ) যথাযোগ্য মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের সাথে পালন উপলক্ষ্যে খুলনা বিশ্ববিদ্যালয়ে কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এদিন বাদ যোহর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। উক্ত কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের সম্মানিত সকল শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীদের অংশগ্রহণের জন্য অনুরোধ করা হয়। এছাড়াও ওইদিন পূর্ব নির্ধারিত বিভিন্ন ডিসিপ্লিনের চলমান টার্ম ফাইনাল পরীক্ষা যথারীতি চালু থাকবে। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর খান গোলাম কুদ্দুস স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
দেড় বছর পর খুললো খুবির আবাসিক হল
করোনা মহামারীর কারণে দেড় বছর বন্ধ থাকার পর খুলনা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলসমূহ খুলে দেওয়া হয়েছে। আজ ১৮ অক্টোবর ২০২১ খ্রি. তারিখ সোমবার সকাল ৯টা থেকেই শিক্ষার্থীরা হলে প্রবেশ করতে শুরু করেন। এদিন শুধুমাত্র মাস্টার্স ও স্নাতক ৪র্থ বর্ষের শিক্ষার্থীরা হলে প্রবেশের অনুমতি পান।
হলে প্রবেশকালে শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষা সামগ্রীসহ উপহার দিয়ে স্বাগত জানান স্ব স্ব হলের প্রভোস্ট, সহকারী প্রভোস্টবৃন্দ। দীর্ঘদিন পর শিক্ষার্থীরা হলে ফেরায় ক্যাম্পাসে উৎসবের হাওয়া লেগেছে। প্রাণের ছোঁয়া লাগছে ক্যাম্পাসে। হলের সামনে একে অপরকে জড়িয়ে ধরে আবেগ প্রকাশ করে।
আগামী ২৬ অক্টোবর থেকে অন্যান্য বর্ষের আবাসিক শিক্ষার্থীরা পর্যায়ক্রমে হলে প্রবেশ করতে পারবে। তবে হলে ওঠার আগে আবাসিক শিক্ষার্থীদের পরিচয়পত্র, টিকা গ্রহণের সনদ/রেজিস্ট্রেশন কার্ডের ফটোকপি স্ব স্ব হলে জমা দিতে হবে।










































