বেনাপোল প্রতিনিধি।।
অভিনব কায়দায় হাতের ব্যান্ডেজের ভেতর লুকিয়ে আনা উন্নত মানের ১৫টি ভারতীয় মোবাইল সেট ভারত ফেরত এক বাংলাদেশী যাত্রীর কাছ থেকে জব্দ করেছে কাস্টমস কর্মকর্তারা।
আজ সোমবার সন্ধ্যায় বেনাপোল কাস্টম চেকপোস্ট তল্লাশি কেন্দ্র থেকে মোবাইল সেটগুলো জব্দ করা হয়।
বেনাপোল কাস্টমস হাউসের যুগ্ন কমিশনার আব্দুল রশিদ মিয়া জানান, অভিনব কৌশলে এক পাসপোর্ট যাত্রী ভারত থেকে হাতের ব্যান্ডেজ’র ভেতর লুকিয়ে বিপুল সংখ্যক মোবাইল সেট পাচার করে আনছে এমন ধরনের গোপন সংবাদ পেয়ে কাস্টম কর্মকর্তারা তার ব্যান্ডেজের ভেতর লুকিয়ে রাখা ১৫টি মূল্যবান মোবাইল সেট জব্দ করতে সক্ষম হয়।
ভারত থেকে আসা পাসপোর্টযাত্রী মোহাম্মাদ সানাউল্লাহ চট্রগ্রাম জেলার সাতকানিয়া উপজেলার সামিয়া পাড়া এলাকার নুরুল আমিনের ছেলে। তার পাসপোর্ট নম্বর-ইএফ-০০৭১৯৩৬।
এসময় তার ল্যাগেজ থেকে জিন্স প্যান্ট, লেহেঙ্গা, জুতা, স্যান্ডেল, গেঞ্জি, কসমেটিক্স, ব্রাসহ প্রায় ৭ লাখ টাকার মালামাল জব্দ করা হয়। অভিনব পদ্ধতিতে এ ধরনের পণ্য পাচারের ঘটনা এই প্রথম। মালামাল বেনাপোল কাস্টমস হাউসে জমা দেয়া হয়েছে। এ ঘটনায় একটি বিভাগীয় মামলা হয়েছে।











































