গুচ্ছ ভর্তি পরীক্ষায় ভর্তিচ্ছু শিক্ষার্থী ও অভিভাবকদের ভোগান্তি কমেছে : উপাচার্য
খুবি প্রতিনিধি।।
প্রথমবারের মতো গুচ্ছ পদ্ধতিতে দেশের ২০টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা শুরু হয়েছে। আজ ১৭ অক্টোবর ২০২১ খ্রি. রবিবার বেলা ১২টা থেকে দুপুর ১টা পর্যন্ত ‘এ’ ইউনিটে বিজ্ঞান বিভাগের ভর্তি পরীক্ষা খুলনা বিশ্ববিদ্যালয় কেন্দ্রে অনুষ্ঠিত হয়। প্রথম দিনের পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়। উক্ত পরীক্ষায় উপস্থিতির হার ছিলো ৯১ শতাংশের বেশি।
এদিকে পরীক্ষা শুরু হলে ক্যাম্পাসে পরীক্ষার হল পরিদর্শন করেন উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন। পরে তিনি সাংবাদিকদের ব্রিফিং করেন। উপাচার্য বলেন, আমরা শতভাগ সুষ্ঠু ব্যবস্থাপনার মাধ্যমে এ পরীক্ষা গ্রহণ করছি। সার্বিক ব্যবস্থাপনায় আমরা সন্তুষ্ট। গুচ্ছ ভর্তি পরীক্ষার ফলে শিক্ষার্থী ও অভিভাবকদের এবার বহুলাংশে ভোগান্তি কমেছে। তিনি বলেন, এবার বৃহত্তর পরিসরের এ গুচ্ছ ভর্তি পরীক্ষার সাফল্যের ওপর নির্ভর করে ভবিষ্যতে আরও অনেক সিদ্ধান্ত হতে পারে। এসময় উপ-উপাচার্য প্রফেসর ড. মোসাম্মাৎ হোসনে আরা এবং রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর খান গোলাম কুদ্দুস উপস্থিত ছিলেন।
‘এ’ ইউনিটের গুচ্ছ পদ্ধতির ভর্তি পরীক্ষায় খুলনা বিশ্ববিদ্যালয় কেন্দ্রে আসন সংখ্যা ছিল ৭ হাজার ১০৮ জন। যার মধ্যে খুলনা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে রোল নং ১২৩৩৩৫ থেকে ১২৮৬২৪ পর্যন্ত মোট ৫ হাজার ২৯০ জন এবং খুলনা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত খুলনা কলেজিয়েট গার্লস্ স্কুল ও কেসিসি উইমেন্স কলেজে রোল নং ১২৮৬২৫ থেকে ১৩০৪৪২ পর্যন্ত মোট ১ হাজার ৮১৮ জন।
আগামী ২৪ অক্টোবর ‘বি’ ইউনিটে মানবিক এবং ১ নভেম্বর ‘সি’ ইউনিটে বাণিজ্য বিভাগের গুচ্ছ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

শেখ রাসেল দিবস উদযাপনে খুবিতে বিভিন্ন কর্মসূচি গ্রহণ
আগামীকাল ১৮ অক্টোবর ২০২১ খ্রি. তারিখ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর কনিষ্ঠ পুত্র এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভ্রাতা শেখ রাসেল এর ৫৮তম জন্মদিন উপলক্ষ্যে ‘শেখ রাসেল দিবস’ উদযাপনে খুলনা বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
কর্মসূচির মধ্যে রয়েছে সকাল ১০টায় কালজয়ী মুজিব এর পাশে শেখ রাসেল এর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, সকাল ১০টা ৩০ মিনিটে শেখ রাসেল শিশু প্রশিক্ষণ ও পুনর্বাসন কেন্দ্র (বালিকা) গল্লামারীতে পাঠাগার উদ্বোধন, বেলা ১১টায় বিশ্ববিদ্যালয় মন্দিরে প্রার্থনা অনুষ্ঠান এবং বাদ যোহর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদে দোয়া মাহফিল। উক্ত কর্মসূচিতে মাস্ক পরিধানসহ যথাযথ স্বাস্থ্যবিধি মেনে সকলকে অংশগ্রহণের জন্য অনুরোধ করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কার্যালয় থেকে জারিকৃত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।
সকাল ৯টা থেকেই হলে উঠতে পারবে শিক্ষার্থীরা: আগামীকাল খুলছে খুবির হল
আগামীকাল ১৮ অক্টোবর ২০২১ খ্রি. তারিখ সোমবার খুলনা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলসমূহ খুলে দেওয়া হবে। এদিন সকাল ৯টা থেকেই মাস্টার্স ও স্নাতক ৪র্থ বর্ষের শিক্ষার্থীরা হলে উঠতে পারবে। এছাড়া ২৬ অক্টোবর থেকে অন্যান্য বর্ষের আবাসিক শিক্ষার্থীরা পর্যায়ক্রমে হলে প্রবেশ করতে পারবে। তবে হলে ওঠার আগে আবাসিক শিক্ষার্থীদের পরিচয়পত্র, টিকা গ্রহণের সনদ/রেজিস্ট্রেশন কার্ডের ফটোকপি স্ব স্ব হলে জমা দিতে হবে। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর খান গোলাম কুদ্দুস এ তথ্য জানান।
খুবির ফার্মেসি ডিসিপ্লিনের মাস্টার্সের শিক্ষার্থী জারিন তাসনিম মিতুর ইন্তেকালে উপাচার্যের শোক
খুলনা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি ডিসিপ্লিনের মাস্টার্সের দ্বিতীয় টার্মের শিক্ষার্থী জারিন তাসনিম মিতু করোনা পরবর্তী শারীরিক জটিলতায় গতকাল রাত ৯টায় ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি … রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ২৪ বছর। তিনি স্বামী, পিতা-মাতা, সহপাঠী ও শিক্ষকমণ্ডলীসহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন। রাতেই নামাজে জানাজা শেষে তাকে মানিকগঞ্জের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন ফার্মেসি ডিসিপ্লিনের মাস্টার্সের দ্বিতীয় টার্মের শিক্ষার্থী জারিন তাসনিম মিতুর ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন। এক শোক বার্তায় তিনি মরহুমার রুহের মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন।
অনুরূপভাবে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মোসাম্মাৎ হোসনে আরা, জীববিজ্ঞান স্কুলের ডিন ও রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর খান গোলাম কুদ্দুস, ফার্মেসি ডিসিপ্লিনের প্রধান প্রফেসর ড. জামিল আহমেদ শিল্পীসহ সংশ্লিষ্ট ডিসিপ্লিনের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ শোক প্রকাশ করেছেন।










































