খুলনাঞ্চল রিপোর্ট।।
ময়মনসিংহের ত্রিশাল উপজেলার চেলেরঘাট এলাকায় দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে যাত্রীবাহী বাসের ধাক্কায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে সাতজনে। মর্মান্তিক এই ঘটনায় নিহতের মধ্যে একই পরিবারের চারজন রয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো অন্তত ১১ জন। শনিবার দুপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- ফজলুল হক (৩৫), তার স্ত্রী ফাতেমা (২৮), ছেলে আব্দুল্লাহ (১০) ও মেয়ে আজমিনা (০৮) অজ্ঞাত (৩৫)। নজরুল (৫৫), রাকিব (৩৫) এবং হেলেনা আক্তার (৪০)।
আহতদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে উপজেলা নিগোরকান্দা গ্রামের ফাহাদ, বাবুল ও ফুলপুর উপজেলার রফিককে আশঙ্কাজনক অবস্থায় ভর্তি করা হয়েছে।
জানা যায়, শনিবার দুপুরে শেরপুরগামী রহিম পরিবহন ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের চেলেরঘাট নামক স্থানে ওভারটেক করার সময় দাঁড়িয়ে থাকা ড্রাম ট্রাককে ধাক্কা দিলে ঘটনাস্থলে একই পরিবারের চারজনসহ পাঁচজন নিহত হন। এ সময় আহতদের ময়মনসিংহ মেডিকেল হাসপাতালে ভর্তি করলে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একজন এবং ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে আরেক জনসহ মোট সাতজনের মৃত্যু হয়।
ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইন উদ্দিন জানান, দাঁড়িয়ে থাকা ড্রাম ট্রাকে শেরপুরগামী বাস ধাক্কা দিলে ঘটনাস্থলেই একই পরিবারের চারজনসহ পাঁচজন নিহত ও দশজন আহত হয়েছেন। আহতদের মধ্যে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে একজন নিহত হয়েছেন। মহাসড়কে গাড়ি চলাচল স্বাভাবিক রয়েছে।











































