শামীম শিকদার
পাইকগাছায়র পল্লীতে একটি মাছের ঘেরকে কেন্দ্র করে উত্তেজনা বিরাজ করছে। বৈধ ঘের মালিককে উচ্ছেদ করে দখলে নেয়ার জন্য প্রস্তুতি বৈঠক করেছে অপর পক্ষ। ফলে ওই ঘেরকে কেন্দ্র করে জানমালের ক্ষতির আশঙ্কা করছে সচেতনমহল। গতকাল মঙ্গলবার ঘের দখলের নেয়ার জন্য বৈঠক করেছে পিযুষ ও তার অনুসারিরা। সরেজমিন ঘুরে জানা যায়, উপজেলার পশ্চিম দীঘা মৌজায় কল্লোল মন্ডল ও পিযুষ মন্ডলরা ৬২ বিঘা জমি এওয়াজ বদল করে দীর্ঘ কয়েক বছর ধরে চিংড়ি চাষ করে আসছে। গেল বছর কল্লোল মন্ডল তার পৈতৃক জমিতে নিজে মাছের চাষ করার উদ্যোগ নেয় এবং পিযুষ মন্ডলকে তার জমিতে মাছ চাষ করতে বলেন। তাতে কোনভাবেই রাজি হয়না পিযুষ মন্ডল। বিষয়টি নিয়ে স্থানীয়ভাবে শালিসী বৈঠক হলে চলতি বছর থেকে আলাদা আলাদা নিজ নিজ জমিতে মাছের চাষ করবে বলে পিযুষ রাজি হয়। পুর্বের বছরের সিদ্ধান্ত মোতাবেক কল্লোল মন্ডল তার পৈতৃক জমিতে ঘের প্রস্তুত করে নিজে মাছ ছাড়লে বিভিন্নভাবে হয়রানি করে আসছেন পিযুষ মন্ডল ও তার লোকজন। ইতঃমধ্যে কল্লোলসহ ১৩ জনের বিরুদ্ধে একটি মামলাও করেন তিনি। কথা হয় কল্লোল মন্ডলের সাথে তিনি খুলনাঞ্চলকে জানান, ২০১৯ সালের এক শালিসী বৈঠকে লিখিত সিদ্ধান্ত হয় ২০২০ (চলতি বছর) সাল থেকে যার যার জমিতে ঘের করার। তিনি আরো জানান গতকাল মঙ্গলবার সোলাদানা ইউনিয়নের চৌরাস্তায় সরদার আবু হোসেন কলেজ মাঠে আমার মাছের ঘের দখলে নেয়ার প্রস্তুতি বৈঠক করেছে পিযুষরা। বৈঠকের সত্যতা স্বীকার করে নাম প্রকাশে অনিচ্ছুক একজন (খুলনাঞ্চল এর কাছে রেকর্ডিং আছে) জানান, পিযুষের পক্ষে স্থানীয় কুমুদ রঞ্জন ঢালী, কালাই মোড়ল, পঞ্চানন, প্রশান্ত, শাহিন সানা ও আজিজের নেতৃত্বে আজ বুধবার সকাল ৮টার দিকে ঘের দখলে যাওয়ার সিদ্ধান্ত হয়েছে। তিনি আরও বলেন পিযুষ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি হওয়ায় ইউনিয়নের অধিকাংশ দলীয় লোকজনকে সকাল সাড়ে ৭টার মধ্যে শিশুতলায় থাকার সিদ্ধান্ত হয়েছে। এদিকে বৈঠকের কথা অস্বীকার করে পিযুষ মন্ডল জানায়, ২০১৯ সালের বৈঠকে আলাদা আলাদা ঘের করার কথা ছিলো। আজকে ঘের দখল করতে যাবে কিনা? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ঘেরতো আমার দখলেই আছে। পুনঃরায় দখলে যাবো কেন। এদিকে কল্লোল মন্ডল জানায়, ২০১৯ সালের সিদ্ধান্ত মোতাবেক আমার জায়গায় আমি ঘের করছি। মাছও ছেড়েছি কিন্তু অবৈধভাবে পিযুষরা ঘের দখলে নিতে চাচ্ছে। বর্তমানে তিনি জানমালের নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানান।
পাইকগাছা থানার সেকেন্ড অফিসার এসআই নিমাই চন্দ্র জানান, ঘের দখলে যাবেন এমন কোন তথ্য আমাদের কাছে নেই। তবে আইন সবার জন্য সমান। কেউ আইনের বাহিরে নয়। যদি কোন মহল অবৈধ কোন কর্মকান্ডে লিপ্ত হন অবশ্যই তার বা তাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা গ্রহন করবো।









































