খুলনাঞ্চল রিপোর্ট।।
ঝিনাইদহের কালীগঞ্জে কৃষকের নামে ভুয়া কাগজপত্র তৈরি ও মৃত ব্যক্তিদের নামে ঋণ উঠিয়ে প্রায় ২ কোটি টাকা আত্মসাতের ঘটনায় চাকরিচ্যুত ব্যাংক কর্মচারী আজির আলীর মাদক ব্যবসার সঙ্গে সম্পৃক্ততা পাওয়া গেছে। সম্প্রতি কালীগঞ্জ থানায় একটি মাদকের মামলাও হয়েছে।
জানা গেছে, ২০২০ সালে ২৯ সেপ্টেম্বর ঋণ জালিয়াতির দায়ে চাকরি থেকে অব্যাহতি পাওয়ার পর বেপরোয়া চলাফেরা শুরু করে আজির আলী। জালিয়াতি করা ব্যাংকের টাকা পরিশোধ করতে বেছে নিয়েছে মাদকের ব্যবসা। এ বছরের ২৪ সেপ্টেম্বর উপজেলার শিমলা-রোকনপুর ইউনিয়ন পরিষদের সামনে থেকে ১৫ বোতল ফেনসিডিলসহ পুলিশের হাতে আটক হয় কাশিপুর গ্রামের নুর ইসলাম।
এ সময় তার সঙ্গে ছিল কাশিপুর গ্রামের বারিক মণ্ডলের ছেলে আজির আলী। তবে তিনি পালিয়ে যান। এ সময় নুর ইসলাম তার সঙ্গে থাকা আজির আলীর কথা পুলিশের কাছে স্বীকারও করে।
এ ঘটনায় কালীগঞ্জ থানায় এসআই কাবিরুল ইসলাম বাদী হয়ে একটি মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেন।
নাম প্রকাশে অনিচ্ছুক উপজেলার মনোহরপুর গ্রামের এক বৃদ্ধ জানান, ব্যাংকে চাকরি করা অবস্থায় এ গ্রামের মানুষের সঙ্গে তার সখ্যতা বেশি। এই গ্রামেরই বেশিরভাগ স্বাক্ষর জাল করে টাকা আত্মসাৎ করেছে সে। প্রায়ই আজির আলী মোটরসাইকেল নিয়ে গ্রামে আসতো। গ্রামের বখাটে ছেলেদের সঙ্গে নিয়ে মাঠের দিকে যাতায়াত করতো। তার মাদকের সঙ্গে কারবার ছিল। কিছুদিন যাতায়াত কম হয়েছে।
অগ্রণী ব্যাংক কালীগঞ্জ শাখার ম্যানেজার নাজমুস সাদাত বলেন, আজির আলী ব্যাংকে অস্থায়ী পদে চাকরি করতেন। ঋণ জালিয়াতির ঘটনায় জড়িত থাকার প্রমাণ পাওয়ায় তাকে চাকরি থেকে অব্যাহতি প্রদান করা হয়েছে।
কালীগঞ্জ থানার ওসি মুহা. মাহফুজুর রহমান মিয়া জানান, গত ২৪ সেপ্টেম্বর ১৫ বোতল ফেনসিডিলসহ উপজেলার কাশিপুর গ্রামের নুর ইসলামকে আটক করা হয়েছে। অভিযানের সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় আজির আলী। এ ঘটনায় কালীগঞ্জ থানায় দুইজনের নাম উল্লেখ করে একটি মামলা হয়েছে।











































