Home জাতীয় বাংলাদেশেও করোনা টিকার বুস্টার ডোজ প্রয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে

বাংলাদেশেও করোনা টিকার বুস্টার ডোজ প্রয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে

9


ঢাকা অফিস।।

বাংলাদেশেও করোনা টিকার বুস্টার ডোজ প্রয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে উল্লেখ করে প্রবাসীকল্যাণ মন্ত্রী ইমরান আহমেদ জানিয়েছেন সৌদি আরবগামী প্রবাসী কর্মীদের বুস্টার ডোজ প্রয়োগ করা হবে। প্রবাসীদের সুবিধার কথা ভেবে ঢাকার মতো চট্টগ্রাম ও সিলেটেও করোনার আরটি-পিসিআর ল্যাব স্থাপন করা হবে বলেও জানান তিনি।

সম্প্রতি সৌদি কর্তৃপক্ষ জানায়, বিদেশে সিনোফার্ম ও সিনোভ্যাকের টিকা গ্রহণকারীদের সৌদি আরবে প্রবেশের ক্ষেত্রে সেই দেশে অনুমোদিত চারটি টিকার কোনো একটির বুস্টার ডোজ নিতে হবে। টিকাগুলো হলো: অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা, ফাইজার-বায়োনটেক, জনসন অ্যান্ড জনসন এবং মডার্না। এই শর্তের কারণে আটকে পড়েন সৌদিগামী প্রায় ৩০ হাজার বাংলাদেশি কর্মী।

বিষয়টি বিবেচনায় নিয়ে সৌদিগামী কর্মীদের করোনা প্রতিরোধে টিকার বুস্টার ডোজ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান প্রবাসীকল্যাণ মন্ত্রী। বুস্টার ডোজের সনদপ্রাপ্তির ব্যবস্থা হলেই রাজধানীর সাতটি সেন্টার থেকে বুস্টার ডোজ প্রয়োগ করার কথা জানান তিনি।

মন্ত্রী বলেন, সৌদিগামী কর্মীরা আটকে আছেন। তাদের বুস্টার ডোজ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রবাসী কর্মীদের জন্য পূর্বে নির্ধারিত সাতটি কেন্দ্রে তাদের বুস্টার ডোজ দেওয়া হবে। তবে তার আগে আইসিটি মন্ত্রণালয়কে নিশ্চিত করতে হবে যে এই রেফারেন্সে তারা ঠিকমতো সার্টিফিকেট প্রদান করবে।

বিদেশগামী প্রবাসী কর্মীদের স্বার্থে র‌্যাপিড পিসিআর টেস্টের সুবিধা আরও বাড়ানো উচিত জানিয়ে প্রবাসীকল্যাণ মন্ত্রী বলেন, এবার সিলেট ও চট্টগ্রাম বিমানবন্দরেও এ ব্যবস্থা নেওয়া হবে।