Home আন্তর্জাতিক বৃহস্পতিবার মমতার অগ্নিপরীক্ষা

বৃহস্পতিবার মমতার অগ্নিপরীক্ষা

7

খুলনাঞ্চল ডেস্ক।।

ভারতের পশ্চিমবঙ্গে বিধানসভার ভবানীপুর আসনে উপনির্বাচন আজ বৃহস্পতিবার। এতে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি’র প্রতিদ্বন্দ্বিতা করছেন বিজেপি’র প্রার্থী প্রিয়াঙ্কা টিবরেওয়াল। মঙ্গলবার ছিলো ভবানীপুরে উপ-নির্বাচনী প্রচারণার শেষ দিন। এদিন বিজেপি’র সাবেক রাজ্য সভাপতি দিলীপ ঘোষ ও বিধায়ক অর্জুন সিংয়ের কর্মসূচি ঘিরে নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ বাঁধে। পরিস্থিতি মোকাবেলায় মামলা দেয় পুলিশ। গ্রেফতার করা হয় আটজনকে। জারি করা হয় ১৪৪ ধারা।

তবে বৃহস্পতিবার ভোটকেন্দ্রের একশো মিটারের মধ্যে কোনো মন্ত্রী, নেতা বা তাঁদের দেহরক্ষী অস্ত্র নিয়ে যেতে পারবেন না বলে উল্লেখ করেছে নির্বাচন কমিশন। গত মে মাসে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে ২৯৪ আসনের মধ্যে তৃণমূল কংগ্রেস ২১৩ আসনে জয়ী হলেও নন্দীগ্রামে শুভেন্দু অধিকারির কাছে হেরে যান মমতা ব্যানার্জি। দলীয় সিদ্ধান্তে তিনি তৃতীয়বারের জন্য পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হলেও ৬ মাসের মধ্যে উপনির্বাচনে জেতার বাধ্যবাধকতা তৈরি হয়। ৫ মে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন মমতা। ফলে, সংসদে তথা মুখ্যমন্ত্রী হিসেবে থাকতে হলে ৫ নভেম্বরের মধ্যে উপ-নির্বাচনে জিততেই হবে তাঁকে।