মোংলা (বাগেরহাট) প্রতিনিধি।।
বাগেরহাটের রামপালে গাঁজা ও ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। আটক মাদক ব্যবসায়ীরা হলেন উপজেলার বড় দূর্গাপুর গ্রামের মৃত ইজারউদ্দিন শেখের ছেলে মোঃ আনোয়ার হোসেন শেখ (৬০) ও খুলনার নতুন বাজার এলাকার মোঃ মানিক শেখের স্ত্রী আশা বেগম (৩০)৷ আটককৃতদের বিরুদ্ধে বুধবার রাতে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের হয়েছে। পুলিশ জানায়, গোপন সংবাদে মাদক কেনা-বেচার খবর পেয়ে থানার এসআই মোঃ শরিফুল ইসলামসহ পুলিশ সদস্যারা বুধবার রাতে উপজেলার বড় দূর্গাপুর গ্রামের শলতেখালি নদীর পাড়ের রাস্তায় অবস্থায় নেয়। এ সময় সেখান দিয়ে মাদক নিয়ে যাওয়ার সময় আনোয়ার হোসেনের দেহ তল্লাশি করে ৩ কেজি ৭শ গ্রাম গাঁজা ও আশা বেগমের কাছ থেকে ৭৪ পিচ ইয়াবা উদ্ধার করে পুলিশ৷ সে সময় ঘটনাস্থল থেকে কৌশলে পালিয়ে যায় আশা বেগমের স্বামী মানিক শেখ।রামপাল থানার ওসি মোঃ সামসুদ্দিন বলেন, আটককৃতরা চিহ্নিত মাদক ব্যবসায়ী। তাদেরকে বৃহস্পতিবার বাগেরহাট আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। তিনি আরো বলেন, মাদকের বিরুদ্ধে আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।









































