Home আঞ্চলিক ফিলিপাইনের তিন ক্রু করোনাভাইরাস আশংকামুক্ত: করোনা আতংক কাটিয়ে মোংলা বন্দরে বন্ধ থাকা...

ফিলিপাইনের তিন ক্রু করোনাভাইরাস আশংকামুক্ত: করোনা আতংক কাটিয়ে মোংলা বন্দরে বন্ধ থাকা সেই বিদেশী জাহাজের পণ্য খালাস শুরু

19

আবু হোসাইন সুমন, মোংলা

মোংলা বন্দরে অবস্থানরত বিদেশী জাহাজে ফিলিপাইনের তিন নাবিক করোনাভাইরাস আশংকামুক্ত রয়েছেন। বুধবার (১১ মার্চ) দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন স্বাস্থ্য অধিদপ্তরের মোংলা পোর্ট হেলথ কর্মকর্তা ডাঃ সুফিয়া খাতুন। তিনি জানান, তাদের মেডিকেল টিম ওই তিন বিদেশী নাবিকের ফলোআপ চেকাপ করেছেন। এখন তাদের শরীর পুরোপুরি সুস্থ্য আছে। বর্তমানে ওই তিনজন করোনাভাইরাস আশংকামুক্ত বলেও জানান ডাঃ সুফিয়া খাতুন।

ওই তিন বিদেশী নাগরিক পুরোপুরি সুস্থ্য হয়ে উঠায় করোনাভাইরাস আতংক কাটার পর বন্দরে অবস্থানরত সেই বিদেশী জাহাজে বন্ধ থাকা পণ্য খালাস কাজ শুরু হয়েছে।

মোংলা বন্দর কর্তৃপক্ষের হারবার মাষ্টার কমান্ডার শেখ ফখর উদ্দীন বুধবার (১১ মার্চ) দুপুরে বলেন, মঙ্গরবার দিবাগত রাত থেকেই বন্দর চ্যানেলের হাড়বাড়িয়ার ৩ নম্বর মুরিং বয়ায় অবস্থানরত মার্শাল আইল্যান্ড পতাকাবাহী জাহাজ এম,ভি সেরিনিটাস-এন’ জাহাজে পুরোপুরিভাবে কয়লা খালাস শুরু হয়েছে।

এর আগে বুধবার (৪ মার্চ) মোংলা বন্দরে আসা মার্শাল আইল্যান্ড পতাকাবাহী জাহাজ এম,ভি সেরিনিটাস-এন’ জাহাজের ২০ নাবিকের মধ্যে তিন ফিলিপাইন নাবিকের শরীরে করোনাভাইরাস আক্রান্ত হওয়ার গুজবের খবর ছড়িয়ে পড়ে। ওই সময়ে করোনাভাইরাস আতংকে কাস্টমস কর্তৃপক্ষের পণ্য খালাসে অনাপত্তির কারণে বন্দরে অবস্থান করা বিদেশী ওই জাহাজটিতে পণ্য খালাস বন্ধ রাখে বন্দর কর্তৃপক্ষ। প্রায় ২৪ হাজার মেট্টিক টন কয়লা খালাসের জন্য মোংলা বন্দরে আসে বিদেশী ওই জাহাজটি।