খুলনাঞ্চল রিপোর্ট।।
কক্সবাজারের টেকনাফে জেলেদের জালে ধরা পড়ে ২৭ কেজি ওজনের একটি পোয়া মাছ। মাছটি কক্সবাজার শহরের সিরাজ নামের একজন মৎস্য ব্যবসায়ী ৫ লাখ ২০ হাজার টাকায় কিনে নিয়েছেন। শনিবার ভোরে এফভি জোমান নামের ট্রলারের মালিক শাহ আলম বলেন, শুক্রবার সকালে কয়েকজন জেলে আমার ইঞ্জিনচালিত বোট নিয়ে সাগরে মাছ ধরতে যাই। শনিবার সকালে জাল তোলার পর দেখতে পাই বড় পোয়া মাছ। শনিবার রাতে মাছটি কক্সবাজার আড়তে নিয়ে গেলে সিরাজ নামে এক ব্যবসায়ী পাঁচ লাখ বিশ হাজার টাকায় কিনে নেন।
তিনি আরও বলেন, মাছটি পুরুষ হওয়ায় দাম বেশি পাওয়া গেছে। গত মার্চে এক মণ ওজনের একটি পোয়া মাছ ধরা পড়েছিল। সেটি নারী হওয়ায় ওজন বেশি সত্ত্বেও আড়াই লাখ টাকায় বিক্রি হয়েছিল।
টেকনাফ উপজেলা মৎস্য কর্মকর্তা দেলোয়ার হোসেন জানান, পোয়া মাছের পেটের ভেতর ‘পদনা’ নামে বিশেষ অংশ থাকে। স্থানীয় ভাষায় এটাকে ‘ফুলা’ বলে, যা ওষুধ তৈরিতে ব্যবহৃত হয়। এই ‘পদনা’ শুকিয়ে ওষুধের কাঁচামাল হিসেবে বিদেশে উচ্চমূল্যে বিক্রি করা হয়। ফলে পোয়া মাছের দাম ও চাহিদা বেশি।










































