দাকোপ (খুলনা) প্রতিনিধি ।।
খুলনার দাকোপে পানি উন্নয়ন বোর্ডের ওয়াপদা বেড়িবাঁধ নদী গর্ভে প্রায় সম্পূর্ণ বিলিনের উপক্রম হয়েছে। এলাকার শতাধিক লোক মারাত্মক ঝঁকিপূর্ণ স্থান মেরামতের চেষ্টা করছেন। ব্যাপক এলাকা প্লাবিত এবং ক্ষয়ক্ষতির আশংকায় কয়েক হাজার লোক দিশেহারা।
স্থানীয় ইউপি সদস্য লাভলু গাজি জানান, রবিবার দিনগত রাত সাড়ে ৮টার দিকে উপজেলার কামার আবাদ খেয়াঘাটের দক্ষিণ পাশে প্রায় ১৫০ ফুট পাউবোর ওয়াপদা বেড়িবাঁধ ভদ্রানদী গর্ভে বিলিনের উপক্রম হয়েছে। ভেঙ্গে গেছে চার ভাগের তিন ভাগ ওয়াপদা বেড়িবাঁধ। এলাকার শতাধিক লোক ঝুঁকির্পর্ণ বাঁধ মেরামতের চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এতে রোপা আমন ক্ষেতসহ বাড়িঘর প্লাবিতর আশংকায় এলাকার কয়েক হাজার মানুষ দিশেহারা হয়ে পড়েছেন।
এবিষয়ে পানখালী ইউপি চেয়ারম্যান শেখ আব্দুল কাদের বলেন পুরো ওয়াপদা রাস্তা নদীতে ভেঙ্গে গেছে। এলাকার লোকজন মেরামতের কাজ করছেন। ঘোষনা দেওয়া হয়েছে যারা কাজ করবে তাদের প্রত্যেকে ১০ কেজি চাউল আর ৫০০ টাকা দেয়া হবে। তিনি আশা করছেন নদীতে পূর্ণ জোয়ারের আগে বাঁধ আটকানোর।
এব্যাপারে পানি উন্নয়ন বোর্ড (পাউবো) নির্বাহী প্রকৌশলী আশরাফুল আলম জানান, স্থানীয় লোকজন প্রাথমিক ভাবে রিং বাঁধ দিয়ে পানি আটকানোর চেষ্টা চলছে। পরবর্তীতে পাশ দিয়ে বিকল্প বেড়িবাঁধ দেওয়ার ব্যবস্থা নিবেন।











































