স্টাফ রিপোর্টার
মাত্র আর ৭ দিন বাকি। আগামী ১৭ মার্চ থেকে শুরু হচ্ছে মুজিব জন্মশতবর্ষ। পরের বছরের ১৭ মার্চ পর্যন্ত চলবে উৎসব অনুষ্ঠান। এরই মাঝে নানা কর্মসূচী চূড়ান্ত করা হয়েছে। বঙ্গবন্ধুকে নিয়ে বায়োপিক নির্মাণের খবরটি সবার জানা। ভারতের খ্যাতিমান পরিচালক শ্যাম বেনেগাল বিগ বাজেটের এ চলচ্চিত্র নির্মাণ করছেন। কিন্তু মেগা প্রজেক্টের পাশাপাশি আরও কিছু ছোট ও মাঝারি বাজেটের চলচ্চিত্র ও প্রামাণ্যচিত্র নির্মিত হবে মুজিববর্ষে। জানা যাচ্ছে, চলচ্চিত্র ও তথ্যচিত্র উপকমিটি এ সংক্রান্ত ৬ পরিকল্পনা গ্রহণ করেছে। পরিকল্পনা অনুযায়ী, ইংরেজী ও বাংলায় দুটি পূর্ণাঙ্গ চলচ্চিত্র নির্মাণ করা হবে। বঙ্গবন্ধুর জীবন ও কর্মের ওপর স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মিত হবে ১২টি। সমান সংখ্যক প্রামাণ্য তথ্য চিত্র নির্মাণেরও পরিকল্পনা নেয়া হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারের জন্য ২৪টি খন্ড ভিডিও চিত্র নির্মাণ করা হবে। বাদ যাবে না ওয়েব সিরিজও। বঙ্গবন্ধুর জীবনী নির্ভর একটি ওয়েভ সিরিজ নির্মাণ করা হবে বলেও জানা গেছে। ফেসবুক ও ইউটিউবে এসব কনটেন্ট আপলোড করা হবে। একই সময় প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত বঙ্গবন্ধুর অডিও ভিজ্যুয়াল প্রদর্শনীর আয়োজন করা হবে।
অবশ্য বিপুল প্রস্তুতির মধ্যেই ঢুকে পড়েছে করোনাভাইরাসের আলোচনা। মুজিববর্ষের অনুষ্ঠানে এর প্রভাব পড়তে পারে বলেও আশঙ্কা করছেন কেউ কেউ। করোনাভাইরাস মুজিববর্ষ উদ্যাপনে বিদেশী অতিথিদের আগমনে কোন প্রভাব পড়বে কি না-সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন সম্প্রতি বলেছেন, অবশ্যই প্রভাব পড়বে। এই করোনাভাইরাসের ফলে সারাবিশ্বে বড় রকমের আতঙ্ক সৃষ্টি হয়েছে। এতে যথেষ্ট প্রভাব পড়বে। তবে এ বিষয়ে সরকার যথেষ্ট সজাগ ও সতর্ক রয়েছে। তবে করোনাভাইরাসের কারণে মুজিববর্ষের অনুষ্ঠানে আমন্ত্রিত বিদেশী অতিথিদের কারও সফরসূচী এখন পর্যন্ত বাতিল হয়নি বলে জানিয়েছেন তিনি।
এদিকে, রবিবার বাংলাদেশে ৩ জন করোনাভাইরাস আক্রান্ত রোগির সন্ধান পাওয়া গেছে। এমন তথ্য সামনে আসার পর দেখা দিয়েছে নতুন দুশ্চিন্তা। সতর্কতামূলক নানা প্রস্তুতি গ্রহণ করা হলেও, এ অবস্থার মধ্যে মুজিববর্ষের অনুষ্ঠানমালা কিছুটা হলেও কাটছাট হতে পারে বলে ধারণা করা হচ্ছে।











































