পাইকগাছা প্রতিনিধি
পাইকগাছায় চিংড়ি ঘেরে বিরোধপূর্ণ জমি নিয়ে দু’পক্ষের মধ্যে মারপিটের ঘটনায় পাল্টা-পাল্টি মামলা। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। স্থানীয়রা জানান, একাধিকবার শালিশী সভার পর ঘের মালিক গোলাম মোস্তফা স্থানীয়দের জমি পৃথক করে দিলে শুক্রবার রাতে দখল নিয়ে সুব্রত সরকার ও প্রতিপক্ষ অযোদ্ধা সরকার গংদের মধ্যে মারাপিটের ঘটনা ঘটে। সুত্র জানায়, এ সম্পত্তি নিয়ে উচ্চ আদালতে মামলা রয়েছে। বিবাদমান দু’পক্ষই বিরোধপূর্ণ এ সম্পত্তির দখল দাবী করছেন।
শামুকপোতা মৌজায় মৃত মহেন্দ্রনাথ সরকারের পরিবার দাবী করেন, শামুকপোতায় সাড়ে ১২ বিঘা সম্পত্তি নিয়ে একই বংশের মৃত মনোরঞ্জন সরকারের পরিবারের মধ্যে দীর্ঘদিনের বিরোধ চলে আসছে। এদিকে ঘের মালিক গোলাম মোস্তফা ও স্থানীয় জমির মালিকদের মধ্যে সম্প্রতি শালিশী সভায় আপোষ-মীমাংসা হলে ঘের মালিক এক পাশ দিয়ে ডিডের বাহিরের জমি ও বিরোধীয় এ জমি বের করে দেয়। জানা গেছে, বিরোধপূর্ণ এ জমির দখল আধিপাত্য নিয়ে শুক্রবার রাত সাড়ে ৮ টার দিকে অযোদ্ধা সরকার পরিবার ও প্রতিপক্ষ সুব্রত সরকার পরিবারের মধ্যে মারপিটের ঘটনা ঘটে। এ সময় উভয়পক্ষের ৪জন আহত হয়। এ ঘটনায় অযোদ্ধা সরকার বাদী হয়ে প্রতিপক্ষ সুব্রত সরকার, তার দু’ছেলে রাহুল ও রিপন, অনুপ, সনজিত সরকার, জিল্লুর রহমান, সুবোধ সরকার সহ অজ্ঞাত ৮/১০ নামে থানায় মামলা করেছেন,যার নং- ৫। অন্যদিকে সুব্রত সরকার জানান, ওয়ারেশ সুত্রে প্রাপ্ত এ সম্পত্তি আমাদের দীর্ঘদিনের ভোগ দখলে। এ নিয়ে উচ্চ আদালতে মামলাও চলমান রয়েছে। তিনি পাল্টা অভিযোগ করেন, শত্রুতার জেরে রাতে বাবুর নেতৃত্বে অযোদ্ধা সরকার গংরা আমার ঘেরে অনাধিকার প্রবেশ করে গালিগালাজ ও মারপিট করে চিংড়ি ঘেরের বাঁধ কেটে ক্ষয়-ক্ষতি করে। এক পর্যায়ে পুলিশ এসে আমার ও আমার ছেলেকে উদ্ধার করে। এ ঘটনায় সুব্রত সরকার বাদী হয়ে প্রতিপক্ষ অযোদ্ধা সরকার তার ভাই মিলন সহ অজ্ঞাত ৪/৫ জনের নামে থানায় মামলা করেছেন, যার নং- ৬। এ বিষয়ে ঘের মালিক গোলাম মোস্তফা বলেন, জমির মালিক যারা ডিড দেয়নি ও বিরোধপূর্ণ জমি ঘের থেকে আলাদা করে দিয়েছি। এখন বিরোধীয় জমি নিয়ে একটি দালালচক্র দু’পক্ষকে ইন্ধন দিয়ে গন্ডগোল বাঁধানোর চেষ্টায় লিপ্ত রয়েছেন। এমনকি আমাকেও হয়রানী করতে পারে। মামলার তথ্য দিয়ে ওসি এমদাদুল হক শেখ জানান,পরিস্থিতি এখন শান্ত। জমি নিয়ে দুপক্ষের বিরোধে এ ঘটনা ঘটে। খবর পেয়ে মুহুর্তেই ঘটনাস্থলে পুলিশ পৌছিয়ে নিয়ন্ত্রন করেন।










































