কুষ্টিয়া প্রতিনিধি ।।
কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় সৈয়দ মাসুদ রুমি সেতুর ওপর ব্যবসায়ী ও ইউপি চেয়ারম্যান প্রার্থী নিহতের ঘটনার ১১ দিন পর আদালতের নির্দেশে একটি হত্যা মামলা রুজু করা হয়েছে। মামলায় সাবেক ছাত্রলীগের সাধারণ সম্পাদকসহ ছয়জনের নাম উল্লেখ করা হয়েছে।
শনিবার ওই মামলা রুজু হয়েছে কুমারখালী থানায়।
মামলার আসামিদের মধ্যে উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মো. রাসেল হোসেন, মো. আফজাল হোসেন, মো. মুক্তার হোসেন, মো. হাবিবুর রহমান ও মো. আলম কাজীর নাম উল্লেখ করা হয়েছে।
এজাহার সূত্রে জানা যায়, গত ১৩ জুলাই শিলাইদহ ইউনিয়নের নাউথী গ্রামের ব্যবসায়ী ও চেয়ারম্যান প্রার্থী নাসির উদ্দীন রাত ৯টার দিকে কুমারখালী থেকে কুষ্টিয়া যাওয়ার পথে সৈয়দ মাসুদ রুমি সেতুর ওপর পৌঁছায়। এ সময় সেখানে পূর্ব থেকে ওঁৎ পেতে থাকা আসামিরা তাকে দেশীয় অস্ত্র দ্বারা আঘাত করে ফেলে রেখে যায়।
পরবর্তী সময় পথচারীর মোবাইল ফোন পেয়ে নাসিরের পরিবারের লোকজন ঘটনাস্থলে গিয়ে তাকে কুষ্টিয়া সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এজাহারে আরও উল্লেখ করা হয়েছে, নাসিরকে হাসপাতালে নেওয়ার সময় গুরুতর অবস্থায় তিনি জানান, মামলায় উল্লিখিত ব্যক্তিরা তাকে মেরেছে।
এর পর ১৫ জুলাই কুমারখালী থানায় আসামিদের নাম উল্লেখ করে এজাহার জমা দিলে না নিয়ে ফেরত দেওয়া হয় বলেও এজাহারে উল্লেখ করা হয়েছে। এ ঘটনায় নাসিরের ভাই মো. বছির উদ্দিন বাদী হয়ে মামলা করেছেন।
এ বিষয়ে কুমারখালী থানার ওসি কামরুজ্জামান তালুকদার জানান, আদালতের নির্দেশে মামলা রুজু করা হয়েছে। তদন্ত সাপেক্ষে প্রকৃত অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।











































