>> শিমুলীয়া-বাংলাবাজার নৌরুটে ঢাকামুখী যাত্রীদের ভিড়
ঢাকা অফিস ।।
কঠোর লকডাউনের তৃতীয় দিনে বাংলাবাজার-শিমুলিয়া নৌরুটে ঢাকামুখী যাত্রী চাপ বেড়েছে। তবে ফেরি চলাচল আগের তুলনায় সীমিত করা হয়েছে। ফলে গাদাগাদি করে যাত্রীরা পদ্মা পাড়ি দিচ্ছেন। স্বাস্থ্যবিধি মানার কোনো লক্ষণ নেই।
এদিকে পদ্মায় পানি বৃদ্ধি অব্যাহত থাকায় স্রোতের গতিও বৃদ্ধি পেয়ে ফেরি পারাপারে আগের চেয়ে বেশি সময় লাগছে। যাত্রীরা কয়েকগুণ ভাড়া গুনে দুই ও তিন চাক্কার যানবাহনে দক্ষিণাঞ্চলের জেলাগুলো থেকে ঘাটে পৌঁছাচ্ছেন ও ঘাট থেকে বিভিন্ন গন্তব্যে পৌঁছাচ্ছেন।
বাংলাবাজার ঘাট সূত্র জানায়, কঠোর লকডাউনের তৃতীয় দিনে শিমুলিয়া-বাংলাবাজার রুটে ফেরি চলাচল সীমিত করে ৮টি ফেরি চলছে। ফেরিগুলোতে ঢাকামুখী যাত্রী চাপ বেশি। ফলে গাদাগাদি করে যাত্রীরা পারাপার হচ্ছেন। মাস্ক ব্যবহারে তেমন সচেতনতা দেখা যায়নি। ঘাটে মোতায়েন রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। যাত্রীরা কয়েকগুন ভাড়া গুনে বরিশাল, পটুয়াখালী, খুলনা, ফরিদপুর, মাদারীপুরসহ দক্ষিণাঞ্চলের জেলাগুলো থেকে মটরসাইকেল, ইজিবাইক, থ্রিহুইলারসহ হালকা যানবাহনে চড়ে ঘাটে আসছেন। একইভাবে যাত্রীরা ঘাট থেকে দক্ষিণাঞ্চলের জেলাগুলোতে পৌঁছাচ্ছেন। নানান অজুহাতে যাত্রীরা ছুটছেন।
বরিশাল থেকে ঢাকাগামী আল লতিফ মিয়া বলেন, ‘ঈদে বাড়ি এসেছিলাম। এখন ঢাকা যাচ্ছি। বরিশাল থেকে মোটরসাইকেলে এক হাজার ১০০ টাকা ভাড়া দিয়ে বাংলাবাজার ঘাটে এসেছি। এখন ফেরিতে পদ্মা পাড়ি দিচ্ছি। জানি না আরও কত টাকা ভাড়া গুনতে হবে।’
খুলনা থেকে ঢাকাগামী বরকত হোসেন বলেন, ‘জরুরি কাজে ঢাকা যাওয়া লাগছে তাই যাচ্ছি। ইজিবাইক ও নসিমনে চড়ে ভেঙে ভেঙে খুলনা থেকে বাংলাবাজার ঘাটে এসেছি। যেখানে ঢাকা পর্যন্ত ভাড়া লাগতো ৫০০ টাকা সেখানে ঘাট পর্যন্তই ১ হাজার ২০০ টাকা চলে গেছে।’
ঢাকাগামী ফেরির যাত্রী মনির হোসেন বলেন, ‘ডাক্তার দেখাতে ঢাকা যাচ্ছি। ফেরিতে উঠেছি কিন্তু এখানে অধিকাংশ যাত্রীদেরই মুখে মাক্স নেই। কেউ স্বাস্থ্যবিধি মানছে না। মনে হয় করোনা দেশ থেকে পালিয়েছে।’
বিআইডব্লিউটিসি বাংলাবাজার ঘাট ম্যানেজার মো. সালাউদ্দিন বলেন, ‘ফেরিতে পণ্যবাহী ট্রাক, অ্যাম্বুলেন্সসহ জরুরি গাড়ি পারাপার করা হচ্ছে। ফেরি চলছে ৮টি। পদ্মায় তীব্র স্রোতে অব্যাহত থাকায় ফেরি পারাপারে সময় কিছুটা বেশি লাগছে।’











































