ঢাকা অফিস
রাজধানীর মগবাজারে বিস্ফোরণের ঘটনায় দায়ের করা মামলার তদন্তভার বুঝে নিয়েছে পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট। শনিবার (৩ জুলাই) রমনা থানা-পুলিশ সিটিটিসির কাছে তদন্তভার হস্তান্তর করে। মামলা হস্তান্তরের বিষয়টি নিশ্চিত করেছেন সিটিটিসির বোম্ব ডিসপোজাল ইউনিটের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) এ কে এম রহমতউল্লাহ চৌধুরী।
গত ২৭ জুন সন্ধ্যার দিকে রাজধানীর মগবাজার ওয়ারলেস গেট এলাকায় একটি ভবনে বিস্ফোরণের ঘটনায় ১১ জনের মৃত্যু হয়। এতে আহত হন দুই শতাধিক মানুষ।
বিস্ফোরণের ঘটনায় গত ২৯ জুন অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে অবহেলা জনিত মৃত্যুর অভিযোগ এনে রমনা থানায় একটি মামলা দায়ের করে পুলিশ। ভবন মালিকের সার্বিক অব্যবস্থাপনা, অতি পুরোনো বিদ্যুৎ সঞ্চালন লাইন এবং ত্রুটিপূর্ণ গ্যাস ব্যবস্থাপনার কারণে বিস্ফোরণের ঘটনা ঘটতে পারে বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়।











































