Home আঞ্চলিক করোনা আক্রান্ত মোংলা বন্দর, কাস্টমস হাউস ও ইপিজেড, ঝুঁকিতে বিশাল জনগোষ্ঠী

করোনা আক্রান্ত মোংলা বন্দর, কাস্টমস হাউস ও ইপিজেড, ঝুঁকিতে বিশাল জনগোষ্ঠী

22

০ মোংলা প্রতিনিধি

মোংলা বন্দরের ৪ জন নিরাপত্তা কর্মী ও কাস্টমস হাউসের ৩ জন রাজস্ব কর্মকর্তা করোনায় আক্রান্ত হয়েছেন। বন্দরের নিরাপত্তা কর্মীরা হলেন, কামাল হোসেন, ইমান আলী, নাজমুল হোসেন ও খবিয়ার রহমান। বন্দর কর্তৃপক্ষের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ আব্দুল হামিদ নিরাপত্তা কর্মীদের করোনা আক্রান্তের বিষয়টি স্বীকার করলেও তিনি তাদের নাম পরিচয় জানাতে অপারগতা প্রকাশ করেন। তবে আক্রান্তরাই এ তথ্য নিশ্চিত করেছেন।

অপরদিকে আক্রান্ত কাস্টমসের কর্মকর্তারা হলেন, সহকারী রাজস্ব কর্মকর্তা মো: মুহিত রিয়াদ, মোঃ আল মামুন ও মোঃ মাহফুজ। কাস্টমসের সহকারী কমিশনার (প্রশাসন) মোঃ মনিরুজ্জামান বলেন, আক্রান্তরা সবাই আইসোলেশনে আছেন। জীবনের ঝুঁকি নিয়ে রাষ্ট্রের জরুরী সেবা করে আসায় তারা করোনায় আক্রান্ত হয়েছেন বলেও জানান তিনি।

এছাড়াও মোংলা ইপিজেডের একজন চায়না নারী টেকনিশিয়ান ও ৫ জন আনসার সদস্য করোনা আক্রান্ত হয়েছে।

চলতি সপ্তাহেই করোনা পরীক্ষায় বন্দর, কাস্টমস ও ইপিজেডের এ সকল লোকজনের করোনা শনাক্ত হয়েছে। ফলে করোনা সংক্রমণের চরম ঝুঁকিতে পড়েছে স্থায়ী বন্দর এলাকা অর্থাৎ  বন্দরের শিল্প এলাকা।

উপজেলা নির্বাহী অফিসার কমলেশ মজুমদার বলেন, চলমান করোনা পরিস্থিতিতে সংক্রমণ রোধে পূর্বের বিধি নিষেধের সময়সীমা বাড়িয়ে বুধবার চতুর্থ দফায় আরো এক সপ্তাহের বিধি নিষেধ আরোপ করা হয়েছে। বন্দর, কাস্টমস ও ইপিজেড কর্তৃপক্ষকে অফিসিয়াল কর্মপরিধি (সময়) কমিয়ে এবং একাধিক সিফটিংরে মাধ্যমে কার্যক্রম পরিচালনার জন্য পরামর্শ দেয়া হয়েছে। তাছাড়া তারাও তাদের সংশ্লিষ্ট মন্ত্রনালয়ে এ নিয়ে আলোচনা করে সংক্রমণ রোধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পারেন।